পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার আগস্ট মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে আউখাব এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা বেনেটেক্সের (হারভেস্ট রিচ) শ্রমিকেরা চলতি আগস্ট মাসের বেতনের দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার ভেতর ভাঙচুর করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। কারখানার কয়েকজন শ্রমিক বলেন, বৃহস্পতিবার চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করে ঈদের ছুটি ঘোষণার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে শুক্রবার কাজ শেষে শনিবার সকালে বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ এবং বোনাসের টাকা ঈদের পর দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ব্যাপারে বেনেটেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।