পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় গতকাল শনিবার সকালে বকেয়া বেতন পরিশোধ ও অনুপস্থিতির কারণে বেতন কাটা বন্ধ করার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘রাসেল সোয়েটার’ নামের একটি কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত শুক্রবার রাতে কারখানা ছুটির পর একই দাবিতে কারখানার ফটকের সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, কাঁঠালী এলাকায় অবস্থিত উসমান গ্রুপের ‘রাসেল সোয়েটার’ নামের কারখানায় কর্মরত প্রায় এক হাজার শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া অসুস্থার কারণে কোনো শ্রমিক এক দিন অনুপস্থিত থাকলে বেতন কেটে রাখে মালিক পক্ষ। এসব কারণে গত শুক্রবার রাত নয়টার দিকে কারখানার শ্রমিকেরা ফটকের সামনে বিক্ষোভ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত কাঁঠালী এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন এবং কাজে যোগ দেন।
কারখানার ব্যবস্থাপক সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।