পোশাকশ্রমিকদের বিক্ষোভ,মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় গতকাল শনিবার বিকেলে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড সোয়েটার লিমিটেড ও এনটিকেসি লিমিটেড নামের দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে গতকাল বিকেল পৌনে তিনটার দিকে কর্মবিরতি শুরু করেন। তাঁরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে শামিল হওয়ার জন্য ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে কোনাবাড়ীর মহাসড়কের আশপাশের ২০-২২টি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসেন এবং বিক্ষোভে যোগ দেন। খবর পেয়ে শিল্প পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় অন্তত ২০ শ্রমিক আহত হন। পরে বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর থেকে ওই এলাকার সব কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।