গাজীপুর সদর উপজেলায় পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর (ইনক্রিমেন্ট) দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর হয়েছে। উপজেলার কুনিয়া কেবিবাজার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার সকালে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারগাছ এলাকায় অবস্থিত লিজ কমপ্লেক্স নামের পোশাক কারখানার শ্রমিকেরা পার্শ্ববর্তী মহাসড়কে গতকাল সকালে অবস্থান নিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে কারখানার আসবাব ও গাড়ির পুরোনো টায়ার মহাসড়কে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে কারখানার কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, নাসা গ্রুপের লিজ কমপ্লেক্স কারখানার শ্রমিকদের গত রোববার বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইনক্রিমেন্ট না দেওয়ার প্রতিবাদে গতকাল সকালে ওই শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে এবং শ্রমিকদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়ক এলাকা ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় রাস্তার দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। ইটপাটকেলের আঘাতে আহত হন কারখানার নির্বাহী পরিচালক তসলিম আহমেদ, পরিচালক কাজী সায়েদুর রহমান, মহাব্যবস্থাপক ফরিদুল হক, আমির হোসেনসহ অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। লিজ কমপ্লেক্স কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জসিম উদ্দিন বলেন, চাকরির ন্যূনতম এক বছর হলেই শ্রমিকদের ইনক্রিমেন্ট দেওয়া হয়। বেতন-ভাতা গত রোববার দেওয়া হলেও ইনক্রিমেন্ট কয়েক দিন পরে দেওয়ার সিদ্ধান্ত হয়। গতকালের ঘটনায় বহিরাগতদের উসকানি ছিল। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সেলিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।