
ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও রাজধানীর তেজগাঁও, কুড়িল বিশ্বরোড এলাকা এবং গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী, টাঙ্গাইলের মির্জাপুর, নারায়ণগঞ্জ ও সাভারে সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর করেছেন শ্রমিকেরা। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৮৫ জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের মুখে ছুটি ঘোষণা করা হয় শতাধিক কারখানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কুড়িল বিশ্বরোডের উড়ালসেতুর ওপরে ও নিচে অবরোধ তৈরি করে বিক্ষোভ দেখাতে থাকেন। ইউরোজোন, গাজী টাওয়ার, মোহাম্মদীয়া, ক্ল্যাসিক, কেনিয়া পোশাক কারখানার প্রায় চার হাজার শ্রমিক অবরোধে অংশ নেন। এ সময় বিমানবন্দর সড়কসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিশ্বরোড রেলক্রসিংয়ের দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, পুলিশের হস্তক্ষেপে সকাল সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
গতকাল সকালে তেজগাঁও এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে ওই কারখানাটি ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় সকালে ইন্টারস্টপ অ্যাপারেলস ও ডিবাইন টেক্সটাইলসহ প্রায় সব কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। আগুন ধরিয়ে দেয় রাস্তায়। কালিয়াকৈর থানার পুলিশ এসে ধাওয়া করলে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কালিয়াকৈরের তেলিরচালা এলাকার পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সেখানকার দুটি কারখানার প্রধান ফটক ও নিরাপত্তারক্ষীদের কক্ষ ভাঙচুর করেন। র্যাব-১-এর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর ও নাশকতার আশঙ্কায় গাজীপুর সদর উপজেলার চৌরাস্তা এলাকায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের খান টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। খবর পেয়ে কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ শুরু করেন। পরে দুই কারখানার শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে মির্জাপুর থানার ওসি, সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিক্ষোভের মুখে গোড়াই শিল্পাঞ্চলের চারটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার মাসকট গ্রুপের শ্রমিকেরা সকালে কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। পাশের রেডিয়েন্স গ্রুপের শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন এবং বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় কাঠগড়াসহ আশপাশের অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা জিরাবো এলাকায় গিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।
টঙ্গীর বিসিকি শিল্প এলাকার রেডিসন ওয়াশিং ও রেডিসন অ্যাপারেলস কারখানার তিন হাজার শ্রমিক সকালে কারখানার সামনের রাস্তায় বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ও কারখানা কর্তৃপক্ষ বহিরাগত সন্ত্রাসী দিয়ে এ হামলা চালায় বলে শ্রমিকদের অভিযোগ। পরে টঙ্গী মডেল থানার পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ত্রাসী হামলা ও পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।
রেডিসন অ্যাপারেলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের ওপর কোনো বহিরাগত সন্ত্রাসী বা কারখানা কর্তৃপক্ষ হামলা করেনি। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিলাঞ্চলের রপ্তানিমুখী প্রতিষ্ঠান লিবার্টি, মাইক্রো ফাইবার, পলমল গ্রুপ ও ওসমান নিটেক্স কারখানার শ্রমিকেরা সকালে রাস্তায় নেমে আসেন। তাঁরা আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদেরও নামিয়ে আনার চেষ্টা করেন। এ সময় সেসব কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বের হতে না দিলে শ্রমিকেরা কারখানা ভাঙচুর করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় গিয়ে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন। এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে পুলিশ শ্রমিকদের সরে যেতে অনুরোধ জানালে আস্তে আস্তে যান চলাচল শুরু হয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী ও মির্জাপুর প্রতিনিধি।