পোশাকশ্রমিকদের বেতন-ভাতা দিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে পোশাকশিল্পসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে ঈদের সরকারি ছুটির তিন দিন কয়েকটি ব্যাংক খোলা রাখা হবে বলে তিনি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বেলা পৌনে তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদে ঘরমুখী যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ মহাসড়কগুলো যানজট ও চাঁদাবাজিমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।
প্রতিবছর ঈদের আগে বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বেতন-বোনাসের দাবিতে কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ হাজার ৭৩৮টি পোশাকশিল্প-কারখানা রয়েছে। বেতন-ভাতা ও বোনাস পরিশোধের সুবিধার্থে ঈদের সরকারি ছুটির নয় দিনের মধ্যে তিন দিন ২, ৩ ও ৪ জুলাই কয়েকটি ব্যাংক খোলা রাখা হবে।
ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কগুলোকে যানজটমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেসব স্থানে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। এ ছাড়া মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতেও সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ১৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঈদকে সামনে রেখে তৎপর মলম পার্টির ২০০ সদস্যকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
২০০৯ সাল থেকে অতীতের যেকোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও ব্রিফিংয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।