পোশাকশ্রমিকদের বোনাস ২০ রোজার মধ্যে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস খাতে শ্রম অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২০ রমজানের মধ্যে ঈদ বোনাসসহ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল বুধবার দাবি বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে শতাধিক শ্রমিক লাল পতাকা হাতে অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মালিক-শ্রমিক সরাসরি আলোচনার প্রস্তাব করা হয়। শ্রমিকনেতারা বলেন, ঈদের আগে শ্রমিকেরা বেতন-ভাতা, ঈদ বোনাস, ঈদের ছুটি ইত্যাদি নিয়ে নানা রকম শঙ্কায় থাকেন। এ অবস্থায় অনেক সময় মালিকেরা নিজে কারখানায় উপস্থিত না থেকে মধ্যম সারির ব্যবস্থাপকদের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।মানববন্ধনে অংশ নেন সাংসদ ফজলে হোসেন বাদশা, স্কপের কেন্দ্রীয় সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, জাসদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ শ্রমিক জোটের সভাপতি শিরীন আকতার, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন প্রমুখ।বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলনের নেতারাও ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ঈদের আগে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধ করতে অনেক শিল্পকারখানা মালিক গড়িমসি করেন। এতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় এবং শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলনের নির্বাহী সভাপতি মল্লিক আবদুস সোবহান সরকারের পক্ষ থেকে সময়মতো বেতন-ভাতা পরিশোধের যে নির্দেশ রয়েছে, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান। বিজ্ঞপ্তি।