গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ১০ জন পুলিশ সদস্য ও কমপক্ষে ৪০ জন শ্রমিক আহত হন। গতকাল রোববার উপজেলার মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত গোল্ডেন টাইমস সোয়েটার নামের কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকেরা বলেন, কর্তৃপক্ষ ঈদুল ফিতরের আগে বোনাস প্রদানের ঘোষণা দেয়। কারখানায় যেসব শ্রমিকের চাকরির বয়স ছয় মাস, তাঁদের ৬০০ টাকা এবং যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছরের বেশি, তাঁদের এক হাজার ১০০ টাকা করে বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্তৃপক্ষের প্রতিশ্রুত বোনাসের পরিমাণ তাঁদের প্রাপ্য বোনাসের অর্ধেক হওয়া সত্ত্বেও শ্রমিকেরা তা মেনে নেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ব্যাংকে টাকা না থাকার অজুহাত দেখিয়ে ঈদের পর বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে কারখানা বন্ধ করে দেয়। ঈদের পর ৫ সেপ্টেম্বর কারখানা খোলার পর শ্রমিকেরা কাজে যোগদানের জন্য এলে কারখানার প্রধান ফটকে তাঁদের বাধা দেওয়া হয়। ৬ সেপ্টেম্বর কারখানার তৃতীয় ও চতুর্থতলার নিটিং শাখা থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।ওই দিন সন্ধ্যা ছয়টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ ঘটনাস্থলে গিয়ে কারখানার মহাব্যবস্থাপক মুন্সী ইমতিয়াজ উদ্দিনের সঙ্গে ফোনে কথা বলে শ্রমিকদের বলেন, ১১ সেপ্টেম্বর রোববার বকেয়া ঈদ বোনাস পরিশোধ এবং ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কারখানা খুলে ছাঁটাই করা শ্রমিকদের কাজে যোগদানের অনুমতি দেওয়া হবে।কিন্তু গতকাল রোববার সকালে কারখানায় গিয়ে শ্রমিকেরা জানতে পারেন, নিটিং শাখার কোনো শ্রমিককে বোনাস দেওয়া হবে না। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা পাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে শ্রমিকেরা সড়কের কোনো যানবাহন ভাঙচুর করেননি। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন এবং কারখানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার দুটি জেনারেটর কক্ষে অগ্নিসংযোগ করেন। ভালুকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশের সঙ্গে মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর থানার পুলিশের সদস্যরা অংশ নেন। তাঁরা শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকেরা বলেন, পুলিশের ধাওয়ায় পালানোর সময় কমপক্ষে ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১০ জন পুলিশ সদস্য আহত হন। সহকারী শ্রম পরিচালক হাবিবা সুলতানা বলেন, বেলা ১১টার দিকে শ্রমিক ও মালিকদের বিরোধের ঘটনা জানতে তিনি ওই কারখানায় যান। তখন আকস্মিকভাবে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করায় কারখানা থেকে কোনো রকমে বের হয়ে তিনি আত্মরক্ষা করেন।কারখানার মহাব্যবস্থাপক মুন্সী ইমতিয়াজ উদ্দিন বলেন, অগ্নিসংযোগের ঘটনায় কারখানার দুটি জেনারেটর, বিপুল মালামাল, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে।