পোশাকশ্রমিকদের ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একাধিক এলাকা, পার্শ্ববর্তী সাভার, আশুলিয়া, গাজীপুর, কালিয়াকৈর ও টঙ্গীতে গতকাল সোমবারও বিক্ষোভ, কারখানা ও যানবাহন ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা চালিয়ে চারটি রাইফেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছেন তাঁরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক শ্রমিক।
পোশাকশ্রমিকদের বেতন আট হাজার টাকা করার দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো এই বিক্ষোভ, ভাঙচুর হয়।
গাজীপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ-ভাঙচুর: গাজীপুরের সদর উপজেলার ভোগড়া চৌধুরী বাড়ী এলাকার ভলমন্ট ফ্যাশন, ভোগড়া বাইপাস এলাকার কলোসাস অ্যাপারেলস, ম্যানট্রাস্ট সোয়েটার ও নাওজোড়ের দিগন্ত সোয়েটার, তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস, কোনাবাড়ীর তুসুকা, ইন্টার লিঙ্ক, সানমুন ও ইন্টারস্টপ এবং বোর্ডবাজার, সাইনবোর্ড, নলজানীসহ বিভিন্ন এলাকার কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করেন। পরে মহাসড়কের ওপর কাঠ ও বাঁশ এবং চেয়ার-টেবিল ফেলে আগুন ধরিয়ে দেন। উত্তেজিত শ্রমিকেরা নাওজোড়ে একটি কারখানার দুটি ফটক ভেঙে ভেতরে ঝুটের গুদামে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশ গিয়ে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। শ্রমিকেরা তখন ইটপাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ৩০ শ্রমিক আহত হন।
সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় শত শত যানবাহনের যাত্রীদের। ১২টার পর শ্রমিকেরা মহাসড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আনসার ক্যাম্পে হামলা, অস্ত্র লুট: সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকার কলোসাস অ্যাপারেলস লিমিটেড ইউনিট-২-এর আনসার ক্যাম্পে হামলা চালান বহিরাগত শ্রমিকেরা। তাঁরা আনসার সদস্যদের কাছ থেকে চারটি রাইফেল ও ১৩৫টি গুলি ছিনিয়ে নেন। পরে কারখানার প্রধান ফটকের বাইরে বাইপাস সড়কে রাইফেল চারটিতে আগুন ধরিয়ে দেন। এরপর রাইফেলগুলো পাশের নালায় ফেলে দেওয়া হয়।
গাজীপুর সদর উপজেলা আনসার কমান্ডার নূর মোহামঞ্চদ জানান, গুলিগুলো পাওয়া যায়নি। আগুনে রাইফেলের কাঠের অংশ পুড়ে গেছে।
কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ: কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও সফিপুরসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে বিকেল তিনটার দিকে ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিকেল চারটার দিকে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গীতে অবরোধ, যানবাহন ভাঙচুর: গত রোববার দুপুরে সন্ত্রাসীদের হামলায় টঙ্গী বাজার এলাকার সেনাকল্যাণ ভবনের আবা গ্রুপ পোশাক কারখানার একজন শ্রমিক আহত হন। গতকাল সকালে গুজব ছড়িয়ে পড়ে চিকিৎসাধীন ওই শ্রমিক মারা গেছেন। ওই গুজবে সকাল আটটার দিকে আবা গ্রুপ পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দেওয়ায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। শ্রমিকেরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার ও আশুলিয়ায় সংঘর্ষ: সাভারের উলাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকাল আটটার দিকে বিক্ষোভ শুরু করেন। তাঁরা প্রায় ১০টি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানাগুলোতে ছুটি ঘোষণার দাবি জানান। সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি দেয়।
সকাল নয়টার দিকে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের একাংশ আল মুসলিম গ্রুপে ইটপাটকেল নিক্ষেপ করলে কিছু লোক তাঁদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া করলে পুলিশের সঙ্গেও তাঁরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের উভয় পাশের অন্তত ১০টি পোশাক কারখানার শ্রমিকেরা দুপুরের খাবারের বিরতির সময় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও রাবারের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হন।