পোশাকশ্রমিকদের মজুরি দেওয়ার সময়সীমা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রতি মাসের সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকের মজুরি পরিশোধ করার কথা। কিন্তু পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে এ সময়সীমা বাড়িয়ে ১০ তারিখ করা হয়েছে। গতকাল রোববার পোশাকশিল্প-সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন না দিলে শ্রম আইন অনুসারে কারখানার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা করা হবে। এ ছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর গৃহায়ণ তহবিল থেকে শ্রমিকদের জন্য প্রতিটি কারখানায় একটি বাসস্থানের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হবে বলে মিকাইল শিপার জানান। বৈঠকে আগের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া পোশাকশিল্পে শ্রম অসন্তোষ যাতে না হয়, সে জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বেশ কয়েকটি সুপারিশ দিয়েছেন। তবে বৈঠকে মজুরি বোর্ড নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগের সভার যেসব সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পোশাকশিল্পের জন্য দুটি টাস্কফোর্স গঠন (একটি অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অন্যটি বিল্ডিং কোড মেনে চলাসংক্রান্ত); নতুন পোশাক কারখানার ভবন নির্মাণে স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে কমিটি গঠন; পোশাকশ্রমিক নেতা কল্পনা আক্তার ও বাবুল আখতারের বিরুদ্ধে থাকা মামলার দ্রত নিষ্পত্তি ইত্যাদি।শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।