পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির তিন প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) তৈরি পোশাক খাতে শ্রমিকদের জন্য ছয় হাজার ৪৪৫ টাকা থেকে ১৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পোশাকশিল্পে নতুন ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ: বিশ্লেষণ ও প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে গবেষণা প্রতিষ্ঠানটি এ প্রস্তাব করে।

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরা হলে এ মুহূর্তে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত ছয় হাজার ৪৪৫ টাকা। আর একজন শ্রমিকের জীবনযাপনের সর্বনিম্ন ব্যয় বিবেচনায় নিলে মজুরি হওয়া উচিত আট হাজার ২০০ টাকা। এ ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান রুগণ, সেগুলো পর্যায়ক্রমে এই মজুরি দিতে পারে। প্রথম ধাপে মূল বেতন চার হাজার ৩০০ টাকা হিসাবে বাড়িভাড়া (৪০%) এক হাজার ৭২০ টাকা এবং চিকিত্সাভাতা ৫৪০ টাকা অর্থাত্ মোট বেতন ছয় হাজার ৫৬০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বাকি ২০ শতাংশ দ্বিতীয় বছরে সমন্বয় করার সুপারিশ করেছে সিপিডি। এ ছাড়া একজন শ্রমিক যদি তাঁর ছেলেমেয়েসহ একটু পুষ্টিকর খাবার খেতে চান, তাহলে তাঁর ন্যূনতম মজুরি হওয়া উচিত ১৭ হাজার ৮০০ টাকা।

সিপিডির গবেষকেরা বলছেন, শ্রমিকদের স্বার্থে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। কম মূল্যে পণ্য কেনার অভ্যাস থেকে বেরিয়ে আসা দরকার। এরই মধ্যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স গঠিত হয়েছে শ্রমিকদের স্বার্থে।

সিপিডি বলছে, এ মুহূর্তে একটি বড় দুর্বলতা হচ্ছে, সরকারের কাছে  ন্যূনতম মজুরির কোনো সংজ্ঞা নেই, ন্যূনতম মজুরি নির্ধারণের পদ্ধতি নিয়েও জটিলতা আছে।

এটি  পরিচালনা করছেন শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম। উপস্থিত আছেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান।