পোশাকশ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার দাবি বিভিন্ন সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। বেশির ভাগ সংগঠন এই মজুরিকাঠামোকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তারা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ করে আগস্ট মাস থেকেই তা কার্যকর করার দাবি জানায়। তবে কয়েকটি সংগঠন মজুরিকাঠামো ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পোশাক খাত ও বিভিন্ন খাতের শ্রমিকদের সংগঠন ঘোষিত মজুরিকাঠামো পুনর্বিবেচনার দাবিতে সভা, সমাবেশ, মিছিল করে। এসব কর্মসূচিতে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়। ঘোষিত মজুরিতে পোশাকশ্রমিকদের জীবনধারণ সম্ভব নয় বলে শ্রমিকনেতারা দাবি করেন।ঘোষিত মজুরিকাঠামো প্রত্যাখ্যান ও পুনর্বিবেচনা করে যেসব সংগঠন গতকাল কর্মসূচি পালন করেছে সেগুলো হচ্ছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বিপ্লবী নারী সংহতি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা সমন্বয় কমিটি।অন্যদিকে ঘোষিত মজুরিকাঠামোকে যুগান্তকারী উদ্যোগ বলেছে আওয়ামী লীগ-সমর্থিত কয়েকটি সংগঠন। এই সংগঠনগুলো গুজব, ষড়যন্ত্র ও চক্রান্তে প্রভাবিত না হয়ে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।ঘোষিত মজুরিকাঠামোর পক্ষে বিবৃতি দিয়েছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স। মজুরিকাঠামোর পক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ ও জাতীয় গার্মেন্টস শ্রমিক লীগ।