পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শুক্রবার চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।স্থানীয় ব্যক্তিরা জানান, সড়ক অবরোধের কারণে ঈদে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে উপজেলার আউখাব এলাকায় অবস্থিত বেনেটেক্স (হারভেস্ট রিচ) পোশাক কারখানার শ্রমিকেরা চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সকাল সাড়ে আটটার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, শ্রমিকেরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালালে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।