পোশাকশ্রমিকদের মুক্তি দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত পাঁচটি ব্র্যান্ড ঢাকা অ্যাপারেল সামিট বর্জনের ঘোষণার পর এবার বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের গ্রেপ্তার হওয়া শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তি এবং শ্রমিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা। আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিও দিয়েছেন তাঁরা।

কংগ্রেস সদস্য ইয়ান শেকাওস্কির ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেকাওস্কি ছাড়াও ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সদস্য জেমস পি ম্যাকগর্ভান, মার্ক পোকান, উইলিয়াম কিটিং, জ্যাকি স্পিয়ার, জোসেফ ক্রাউলি, স্টিভ কোহেন, সেন্ডর লেভিন, বিল পাসক্র্যাল ও ববি স্কট।

চিঠিতে বলা হয়, গত ডিসেম্বরে শান্তিপূর্ণ আন্দোলনের সময় কারখানার কমপক্ষে ১ হাজার ৬০০ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। অনেক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। হয়রান করা হয়েছে। ঘটনাস্থল সাভারের আশুলিয়া হলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আশুলিয়ার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না।

বাংলাদেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণের বিষয়টি ভুল পথে যাচ্ছে উল্লেখ করে পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা।

এর আগে শ্রমিক বরখাস্ত ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ থেকে শুরু হতে যাওয়া তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর ঢাকা অ্যাপারেল সামিট বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত পাঁচ ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, ইন্ডিটেক্স (জারা), সিঅ্যান্ডএ, নেক্সট ও চিবো। ব্র্যান্ডগুলো প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক শ কোটি ডলারের পোশাক কেনে।

রানা প্লাজা ধসে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি

ঢাকার সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা-কর্মীরা। রানা প্লাজা ধসের ৪৬ মাস উপলক্ষে গতকাল শুক্রবার এসব কর্মসূচি থেকে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের বেঁচে থাকার মতো মজুরি দাবি করা হয়।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখ্তার বলেন, সারা দুনিয়ার কারখানার ইতিহাসে রানা প্লাজার হাজারো শ্রমিক হত্যার মতো ঘটনা বিরল। সেই ঘটনার ৪৬ মাস পার হওয়ার পরও সরকার ভবনের মালিক সোহেল রানাসহ কারখানার মালিক, দোষী সরকারি কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করেনি। সবার শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়, সাভার থানা শাখার সাধারণ সম্পাদক আলম মাতব্বর প্রমুখ।