সারা দেশের পোশাকশ্রমিকদের বিশৃঙ্খলা না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা।পোশাক কারখানার দুই মালিক সমিতি—বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাভারে ভবনধসের সঙ্গে জড়িত ভবনের মালিক ও পাঁচ পোশাক কারখানার মালিক গ্রেপ্তার, বেতন-ভাতা পরিশোধ, আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবির সঙ্গে সব পক্ষ একমত হয়েছে।শ্রমিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ‘আপনারা সহিংসতা ও বিশৃঙ্খলা করবেন না। গুজবে কান দেবেন না। জীবন-জীবিকা ও দেশের স্বার্থে সোমবার থেকে যথারীতি কাজে যোগদান করুন।’বিজিএমইএ ভবনের সভাকক্ষে গতকাল শুক্রবার রাতে যৌথ বিবৃতিটি পাঠ করেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিক লীগের সভাপতি জেড এম কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান।শ্রমিক নেতারা বিভিন্ন দাবি উত্থাপন করে বলেন, শ্রমিকদের মধ্যে আস্থার অভাব দেখা দিয়েছে। তাজরীন ফ্যাশনসের মালিককে বিচারের মুখোমুখি করা হয়নি। সাভারের ঘটনায়ও কাউকে আটক করা হয়নি এখনো। তাই শ্রমিকেরা ক্ষুব্ধ।