পোশাকশ্রমিকদের সংখ্যা নিয়ে দুই মন্ত্রীর দুই কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও  শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি।

সারা দেশের পোশাক খাতে কত শ্রমিক কাজ করছেন, তা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পোশাকশিল্পে ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ৩৫ লাখের বেশি।

আজ রোববার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তাঁরা এ তথ্য দেন।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে সারা দেশে পোশাকশিল্পে ৪৫ লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি তিন হাজার টাকা থেকে ৭৭ ভাগ বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। তৈরি পোশাক থেকে দেশের রপ্তানি আয়ের প্রায় ৮১ ভাগ অর্জিত হয়।

নূরজাহান বেগমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে দেশে সবচেয়ে বেশি ৩৫ লক্ষাধিক শ্রমিক কাজ করছেন পোশাকশিল্পে। তাঁদের বেশির ভাগই নারী। তা ছাড়া চাতালসহ অন্যান্য ক্ষেত্রেও কয়েক লাখ নারী শ্রমিক কাজ করেন।

মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতির পরিমাণ সাত হাজার ৭৯৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য ঘাটতি নেই। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বন্যা-সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী বলেন, ‘বন্যায় যাদের ঘর ভেঙেছে, প্রধানমন্ত্রী তাদের ঘর তৈরিতে সাহায্য দিতে কিছুক্ষণ আগে আমাকে নির্দেশ দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘বন্যাক্রান্ত ২০ জেলার সাংসদেরা তাঁদের এলাকায় কী পরিমাণ ত্রাণ লাগবে, তার তালিকা দেননি। ডিসিরাও তালিকা দেননি। দেখা হলে সাংসদেরা বলেন, চাল লাগবে।’