পোশাকশ্রমিকদের সংগঠন করার অধিকার দিতে হবে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পেতে হলে বাংলাদেশকে পোশাক কারখানায় শ্রমিকদের সংগঠন (ট্রেড ইউনিয়ন) করার অধিকার দিতে হবে। পাশাপাশি তাঁদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।’আজ শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।‘পোশাকশ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক গণশুনানিতে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, জিএসপি-সুবিধা পাওয়ার জন্য যে শর্ত রয়েছে, বাংলাদেশ কি সে শর্তগুলো মেনে চলছে? রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনা নানা প্রশ্নের জন্ম দেয়। এসব কারখানায় যা ঘটেছে, তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তিনি আরও বলেন, আগুন লাগলে শ্রমিকেরা যেন বেরিয়ে যেতে পারেন, তাঁদের মাথার ওপর যেন ভবনধসে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতেই শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে।মজীনা সংসদীয় কমিটির সভাপতি ইস্রাফিল আলমকে অনুরোধ করেন, শ্রম আইনের যে সংশোধনীটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে, সেটিতে যেন পোশাকশ্রমিকদের ইউনিয়ন করার অধিকার থাকে। তিনি বলেন, পোশাকশ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, নিরাপদ কর্মপরিবেশ আছে কি না, সে বিষয়টি অনুমোদনকারী কর্তৃপক্ষ, ক্রেতা ও পোশাকশিল্প মালিককে নিশ্চিত করতে হবে। অনুমোদন না থাকলে কোনো প্রতিষ্ঠান যাতে রপ্তানি করতে না পারে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে এবং ১০০ ভাগ কারখানাকে এ ব্যাপারে নমনীয় (কমপ্লায়েন্ট) হতে হবে।