পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তৈরি পোশাক কারখানায় বোনাস নিয়ে বিরোধের জের ধরে শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করেছেন। শ্রমিকদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।শ্রমিকেরা জানান, আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। এখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে শ্রমিকদের বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিকের (ওভারটাইম) পাশাপাশি প্রণোদনা বোনাস দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ প্রণোদনা বোনাস দেওয়ার ব্যাপারে টালবাহানা শুরু করে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, গত মঙ্গলবার রাতে প্রণোদনা বোনাস নিয়ে কারখানার সুইং অপারেটর আমিনুল ইসলামের সঙ্গে হিসাব বিভাগের অডিটর কবির হোসেনের কথা-কাটাকাটি হয়। মালিকপক্ষ আমিনুল ইসলামকে লাঞ্ছিত করেছে বলে গতকাল বুধবার সকালে গুজব ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুরে মীমাংসার জন্য আদমজী ইপিজেড, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের প্রতিনিধিরা বৈঠকে বসেন। কিন্তু বৈঠকে কোনো সমঝোতা হয়নি। বিকেলে দুই শতাধিক শ্রমিক কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং ভাঙচুর করতে থাকেন। খবর পেয়ে র্যাব-১১ আদমজী ক্যাম্পের সদস্য, ইপিজেডে নিয়োজিত আনসার ও পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শ্রমিকেরা ইপিজেডের মূল গেট ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। এক ঘণ্টা পর পুলিশ ও র্যাবের সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল শুরু করে।শ্রমিক আবু সোলায়মান, আবুল হোসেন ও বোরহানউদ্দিন অভিযোগ করেন, মালিকপক্ষ বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নিরীহ শ্রমিকদের মারধর করেছে।কারখানার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন বলেন, তাঁরা শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দেন। মাত্র তিন টাকার বিনিময়ে তাঁদের দুপুরের খাবার দেওয়া হয়। এর পরও এ ধরনের ঘটনা তাঁরা আশা করেননি। তাঁর অভিযোগ, কোনো মহল শ্রমিকদের উসকে দিচ্ছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেছেন, বৃহস্পতিবার (আজ) বিষয়টি নিয়ে আদমজী ইপিজেড কর্তৃপক্ষের মধ্যস্থতায় মালিক ও শ্রমিকপক্ষ আবার আলোচনায় বসবে।