পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর
রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল বুধবার তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে আটটা থেকে দুই ঘণ্টা অবরোধকালে তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এতে অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে শ্রমিকেরা শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণির পাশে এম এম শার্ট লিমিটেড নামের পোশাক কারখানায় গিয়ে দেখেন ফটকে তালা ঝুলছে। পাশে বন্ধের নোটিশ সাঁটানো। এতে ক্ষুব্ধ হয়ে কয়েক শ শ্রমিক বেগম রোকেয়া সরণি অবরোধ করেন এবং কারখানা খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। হরতাল উপেক্ষা করে ওই সড়ক দিয়ে চলাচল করা বেশ কয়েকটি যানবাহনেও বিক্ষুদ্ধ শ্রমিকেরা ভাঙচুর চালান। এ সময় আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরাও আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। এতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না বলে জানান। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলার সময় মিরপুরের বেশির ভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১০ জন পোশাকশ্রমিক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
পোশাকশ্রমিক শিমু আক্তার প্রথম আলোকে জানান, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তখন কারখানা ছুটি ঘোষণা করায় তাঁর মা সখিনা বোন শিরিনা ও তাঁকে নিয়ে বাসায় ফিরছিলেন। তাঁরা তিনজনই আউটরাইট ফ্যাশন লিমিটেডে অপারেটর হিসেবে কাজ করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ধাওয়ার মুখে পড়েন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লে এর স্প্লিন্টার শিরিনার দুই পায়ে ঢুকে যায়। তাঁর মায়ের ডান পায়ের কিছু অংশ পুড়ে যায়। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
এম এম শার্ট লিমিটেডের শ্রমিকেরা বলেন, বিনা নোটিশে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। তাঁরা কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং নাশতার টাকা ও কাজের অতিরিক্ত মজুরি বাড়াতে হবে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘রাবার বুলেট নয়, সাউন্ড গ্রেনেডের আঘাতে সখিনা ও তাঁর মেয়ে শিরিনা আহত হয়ে থাকতে পারেন। কেউ যদি হামলা-ভাঙচুর না করত, তাহলে পুলিশও সাউন্ড গ্রেনেড ব্যবহার করত না। আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়টি দেখবে তাঁদের কারখানার মালিকেরা।’ তিনি আরও বলেন, এম এম শার্ট লিমিটেড কর্তৃপক্ষ দাবি করেছে, শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে আলোচনার জন্য দুই দিন কারখানা ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করছেন তাঁরা।
চলতি সপ্তাহে শেওড়াপাড়ায় আরেকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছিলেন।