পোশাকশ্রমিকদের সড়ক অবরোধে নগরজুড়ে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের কারণে গতকাল সোমবার দিনের প্রথমার্ধে রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। বেতন বৃদ্ধি, বকেয়া পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ফোকাস ফ্যাশনস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে রাস্তায় নামেন। গতকাল ফোকাসের শ্রমিকদের সঙ্গে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা যোগ দেন। তাঁরা একযোগে নাবিস্কো এলাকায় তেজগাঁও মূল সড়ক (তাজউদ্দীন আহমেদ সরণি) সকাল নয়টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত অবরোধ করে রাখেন। নগরীর ব্যস্ততম এ সড়কটি বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে শহরজুড়ে। অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।মহানগর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, মগবাজার, মালিবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এ ছাড়া মহাখালী থেকে গুলশান, বনানী ও বিমানবন্দর সড়কের একপাশ জুড়েও দীর্ঘ সময় স্থবির হয়ে ছিল শত শত যানবাহন। দুপুরের তীব্র রোদ আর গরমে গাড়ির ভেতর যাত্রীদের নাভিশ্বাস উঠে যায়।মোহাম্মদপুর-শনির আখড়া রুটের বাসচালক আনোয়ার ঢালী জানান, মোহাম্মাদপুর টাউন হল বাজার থেকে কারওয়ান বাজার—এই তিন কিলোমিটার পথ আসতে তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে। শুধু খামারবাড়ি থেকে ফার্মগেটের সিগন্যাল অতিক্রম করতে সময় লেগেছে ৪০ মিনিটের মতো।অটোরিকশাচালক বদিউলের ভাষায়, ‘পিসেঞ্জার নাইমা গ্যাসেগা ফার্মগেট আওনের আগে। অহন আমি লড়তেও পারি না, চড়তেও পারি না।’পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহাতাব উদ্দীন বলেন, বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীর তাঁদের দাবি পূরণ করার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলে তাঁরা রাস্তা ছেড়ে দেন। এ সময় কোনো ভাঙচুর অথবা সংঘর্ষের ঘটনা ঘটেনি।