পোশাকশ্রমিকদের ৫ আগস্টের মধ্যে বেতন বোনাস দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের এক মাসের বেতনের সমপরিমাণ টাকা ঈদ বোনাস ও জুলাই মাসের বেতন-ভাতা ৫ আগস্টের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শুক্রবার গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল থেকে এই দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারি সব প্রতিষ্ঠানে এক মাসের সমপরিমাণ টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হলেও গার্মেন্টস খাতে এটা নিয়ে শুরু হয়েছে নানা টালবাহানা। শ্রমিকেরা ঈদ বোনাস নিয়ে কথা বলতে গেলে মালিকপক্ষ তাঁদের বেছে বেছে চাকরিচ্যুত করছে, ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি মামলাও দেওয়া হচ্ছে।
সমাবেশে শ্রমিকদের দাবি পূরণে তৎপর হতে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতি আহ্বান জানানো হয়। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে সমাবেশে শতাধিক পোশাকশ্রমিক অংশ নেন।
সিপিবির বিবৃতি: এদিকে সিপিবির পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে শ্রমিকদের বেতন, বোনাস ও ওভারটাইম দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।