পোশাকশ্রমিকের নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় শত শত শ্রমিক হতাহত হলেও পোশাকশিল্পের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। এ ব্যাপারে মালিক, সরকার, ক্রেতা এবং শ্রমিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি।তৈরি পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেছেন। গার্মেন্টস শ্রমিক নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধনে বক্তারা তৈরি পোশাকশিল্পকে শ্রমিকদের জন্য ‘নিরাপদ কর্মস্থল’ হিসেবে গড়ে তোলার দাবি জানান। তাঁরা বলেন, ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড পর্যন্ত এ খাতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে ৫৫টি। নিহত হয়েছেন ৫৬৬ জন শ্রমিক। এ ছাড়া ২০০৫ সালে স্পেকট্রাম গার্মেন্টসের কারখানা ধসে নিহত হয়েছেন আরও ৬৪ জন। গুরুতর আহত হয়েছেন তিন হাজার ৬১০ শ্রমিক। মানববন্ধনে বলা হয়, দুই বছর আগে বিজিএমইএ এবং কয়েকটি শ্রমিক সংগঠনের একটি জোটের যৌথ উদ্যোগে শ্রমিকদের নিরাপত্তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় গার্মেন্টস শ্রমিকদের ‘স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সমঝোতা স্মারক’ স্বাক্ষরের কথা বলা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত দুটি ক্রেতা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ ওই সমঝোতা স্মারক স্বাক্ষর করেননি। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফারুক খান, মো. কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী এম দোলোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।