পোশাকশ্রমিকের মৃত্যু, ৬০ জনকে ছাঁটাই, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক নারীশ্রমিক গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এদিকে একই এলাকায় অপর একটি কারখানার ৬০ শ্রমিককে গতকাল ছাঁটাই করা হয়। এর প্রতিবাদেও ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার মেডলার পোশাক কারখানার শ্রমিক লায়লা আক্তার গতকাল সকালে কারখানায় কাজ করেন। ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় নারী ও শিশু চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। পুলিশ ওই চিকিৎসাকেন্দ্র থেকেই স্বজনদের হাতে লাশ তুলে দেন—এ খবর শুনে ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আশুলিয়ার ইউনিক এলাকার প্রাইম ক্যাপ নামের একটি পোশাক তৈরি কারখানার ৬০ শ্রমিককে গতকাল ছাঁটাই করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এ সময় কারখানার কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয়। ওই ৬০ শ্রমিককে বহাল রাখার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিকেল চারটার দিকে বাসায় চলে যান।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।