পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
ময়মনসিংহের ভালুকায় আজ রোববার সকালে বাসচাপায় শরীফা আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
পুলিশ জানিয়েছে, নিহত শরীফা আক্তার ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টাবাড়ি এলাকায় ‘এসকিউ গ্রুপ’ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ ও স্থানীয় লোকজন এই প্রতিবেদককে বলেন, আজ সকাল পৌনে আটটার দিকে শরীফা কাজে যাচ্ছিলেন। জামিরদিয়া এলাকায় মাহদীন সোয়েটার লিমিটেডের সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে চাপ দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল।
শরীফার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামিরদিয়া এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও দুটি বাস ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, শরীফাকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।