পোশাকশ্রমিকের লাশ উদ্ধার স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকা থেকে ইতি বেগম (২৫) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে নিজ বাসা থেকে ইতির লাশ উদ্ধার করা হয়। স্বামী শ্বাসরোধে ইতিকে হত্যা করেছে বলে পুলিশ সন্দেহ করছে। এ ঘটনায় তাঁর স্বামী রবিউল আলমকে আটক করা হয়েছে।
বাকলিয়া থানার পুলিশ জানায়, ইতি নগরের লালদীঘির পাড় এলাকায় অবস্থিত মুন গার্মেন্টসে কাজ করতেন। তিনি স্বামীর সঙ্গে বাকলিয়ার মিয়া খান এলাকার বেলা খান মসজিদ কলোনিতে থাকতেন। গতকাল সকালে কলোনির লোকজনের কাছে সংবাদ পেয়ে পুলিশ বাসা থেকে লাশ উদ্ধার করে। ওই সময় রবিউলকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, ‘ইতির স্বামী মাদকাসক্ত ছিল বলে জেনেছি। প্রতিবেশীরা জানান, প্রায়ই ইতিকে মারধর করা হতো। গত শুক্রবার রাতেও ইতিকে মারধর করা হয়। ধারণা করছি, মারধরের পর শ্বাসরোধে হত্যা করেছে রবিউল। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
ওসি আরও জানান, ইতির আত্মীয়স্বজনকে খোঁজা হচ্ছে। তাঁদের পাওয়া না গেলে পুলিশ এ ঘটনায় বাদী হয়ে মামলা করবে।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রবিউলকে গ্রেপ্তারের পর বাকলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।