পোশাকশ্রমিকের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একজন পোশাকশ্রমিককে তাঁর স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তারাব পৌরসভার সুলতানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পোশাকশ্রমিক ফাতেমা আক্তারকে (৩৩) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফাতেমা কুমিল্লার হোমনা থানার ফতেকান্দি গ্রামের মৃত নুরু মিয়ার মেয়ে। ফাতেমার ভাই জাহাঙ্গীর মিয়া সাংবাদিকদের জানান, ১০ বছর আগে মুন্সিগঞ্জ জেলার বালিগাঁও থানার সোলাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রহিম মিয়ার সঙ্গে তাঁর বোন ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা তারাব পৌরসভার সুলতানবাগ এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের দুই ছেলে রয়েছে। বোনজামাই রহিম মিয়ার সঙ্গে এক নারীর পরকীয়া হয়। বিষয়টি জানাজানি হলে ফাতেমা ও রহিমের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। গত বৃহস্পতিবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রহিম মিয়া ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ফাতেমার মৃত্যু হয়। তিনি স্থানীয় পদ্মা টেক্সটাইলে কাজ করতেন। ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।