পোশাকশ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন
তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন। আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রানা প্লাজা ধসের পর অনেক ক্ষেত্রে শ্রমিকেরা মানসিক চাপ মোকাবিলা করতে পারছেন না। এর ফলে তাঁরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন। দূষিত পানি বা খাবার খেলে শ্রমিকদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কথা। তাঁরা মাথাব্যথা, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, অস্থিরতা, খিঁচুনি ইত্যাদি উপসর্গের কথা বলছেন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা এবং ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঢাকার কাছে আশুলিয়ার জামগড়ায় পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ হওয়ার পর আমরা চারটি কারখানার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করি। বলা হয়েছিল, পানিতে বিষ মেশানো হয়েছে। কিন্তু আমরা তেমন কিছু খুঁজে পাইনি।’ তিনি আরও বলেছেন, ‘রোজ ড্রেসেসের যে খাবার খেয়ে শ্রমিকরা অসুস্থ হন, তার কিছু নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানেও তেমন কিছু পাওয়া যায়নি।’
কোনো কারখানায় গণমনস্তাত্ত্বিক অসুস্থতা দেখা দিলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যকর্মী বা চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছেন।