পোশাকশ্রমিদের ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে ঈদের কেনাকাটা করছেন পোশাকশ্রমিকেরা ষ প্রথম আলো
মিরপুরে ঈদের কেনাকাটা করছেন পোশাকশ্রমিকেরা ষ প্রথম আলো

একটা লাল রঙের নেইলপলিশ কিনবেন মেয়ের জন্য নাজমা আক্তার। বিক্রেতা দাম চাইছেন ১০ টাকা। তিনি বলেছেন পাঁচ টাকা। বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করছিলেন গত সোমবার মিরপুর ১ নম্বরের প্রধান সড়কের পাশে ফুটপাতে।
মাহে রমজানের শেষ দিনগুলো কাটছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের ক্ষেত্রে প্রতিবছর এ রকম একটি অনিশ্চয়তা থাকে। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসী। মহানগরের বিপণিবিতানগুলো খোলা থাকছে গভীর রাত পর্যন্ত। কিন্তু পোশকশ্রমিকদের হাতে সময় কোথায় দোকানে দোকানে ঘুরে কেনাকাটা কারার? তাই দুপুরে কাজের ফাঁকে পথের ধারে একটু দাঁড়িয়ে তাঁরা কেনাকাটা করেন। নির্ধারিত সময়ের মধ্যেই কোনাকাটা শেষ করে প্যাকেট বাসায় রেখে আবার কারখানায় ছুটতে হবে বলে জানালেন নাজমা। তাঁর বাড়ি বরিশালের নাজিরপুরে। কাজ করেন মিরপুরের মডার্ন গার্মেন্টসে। গত মাসের ওভারটাইম করে জমানো টাকা দিয়ে ছেলে ও স্বামীর জন্য শার্ট কিনেছেন। ভীষণ চিন্তিত চেহারা নিয়ে বললেন, ‘এত দাম, কেমনে ঈদ করমু, একটা শার্ট ৫২০ টাকা করইয়া।’ নানা কষ্ট নিয়েই ঈদের আনন্দ ভাগ করে নেবেন শ্রমজীবী এসব মানুষ।

স্বামী ছেড়ে যাওয়ার পর দিনাজপুরের পপি খাতুন মেয়ে নিশিকে মায়ের কাছে রেখে ঢাকায় বেঁচে থাকার যুদ্ধ করছেন। তিনি ঈদে দেড় হাজার টাকা বোনাস পেয়েছেন, সঙ্গে দুই দিনের ছুটি। কাজ করেন ইসাম গার্মেন্টসে। তিনি বলেন, ‘আমরা তিন বোন এহানে কাম করি হগলে একলগে বাড়ি যাইতে পারমু।’

সাজেদা খাতুন বোন হাবিবার হাত ধরে স্যান্ডেল কিনছেন। হাবিবা ঈদে বাড়িতে যেতে পারবেন না।  প্রথম আলোকে জানালেন, তিনি সাত মাস হলো একটি কারখানায় কাজ করছেন। এক বছর না হলে ঈদের ছুটি পাওয়া যায় না। তিনি বলেন, ‘বোনাস পাইলে বাপের লাগি কিছু কিন্যা দিতাম। বোনাস পাই নাই, ছুটিও পাই নাই।’ তাঁর চেহারায় ভীষণ চিন্তার ছাপ, হাতে আছে আর মাত্র আট মিনিট। অফিস মিরপুর মাজার রোডে। তাই  দ্রুত পা চালালেন তিনি।