
রাজধানীর বুটিক বা ফ্যাশন হাউসগুলোতে সাধারণত কেনাকাটা জমে উৎসব বা বিশেষ দিন উপলক্ষে। এবারও ব্যতিক্রম নয়। পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে বিপণিবিতানগুলোতে। গরম থেকে আরাম পেতে সুতি কাপড় এবং বৈশাখের চিরায়ত লাল-সাদা রং প্রাধান্য পেয়েছে বৈশাখী পোশাকে।
বসুন্ধরা সিটির দেশীদশে দেখা যায় বৈশাখের জমকালো আয়োজন। গত ৩০ মার্চ দেশীদশের ১০টি প্রতিষ্ঠানের এবারের বৈশাখী আয়োজন নিয়ে অনুষ্ঠিত হয় একটি ফ্যাশন শো। যেখানে প্রতিষ্ঠানগুলো নিজেদের এবারের আয়োজন তুলে ধরে। এতে অংশ নেয় নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি। ফ্যাশন শোতে প্রতিষ্ঠানগুলোর বৈশাখী পোশাকে লাল ও সাদা রঙের প্রাধান্য দেখা যায়।
রঙের বসুন্ধরা সিটি শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ১ এপ্রিল থেকেই বৈশাখের কেনাকাটা শুরু হয়ে যায়। এ বছরও কেনাকাটা জমে উঠেছে। পোশাকে লাল-সাদার পাশাপাশি সবুজ, নীল, মেরুন রঙের প্রাধান্য পেয়েছে। নকশায় বাংলার লোকজ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
দোকানগুলো ঘুরে দেখা যায়, লাল-সাদার পাশাপাশি রং হিসেবে প্রধানত ব্যবহার হয়েছে মেরুন, কমলা, অফ হোয়াইট ও ম্যাজেন্টা। উজ্জ্বল রং ব্যবহারে পোশাকগুলোকে উৎসবমুখী করা হয়েছে। গরমে আরামদায়ক কাপড় বেছে নিয়েছেন। ক্রেতার পছন্দ ও রুচির পাশাপাশি উৎসবের সব পোশাকের প্রধান বৈশিষ্ট্য সুতি কাপড়।
বান্ধবীকে নিয়ে কেনাকাটা করতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান আরেফিন বললেন, ‘বাঙালির উৎসব বলে ডিজাইনে গ্রামবাংলার ছাপ আছে এমন কিছু খুঁজছি। গরম থাকবে বলে সুতি কাপড়ের পাঞ্জাবি কিনতে চাই। তবে রংটা উজ্জ্বল হতে হবে।’
বাংলা নববর্ষ উপলক্ষে নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়ার পসরা সাজিয়েছে বিভিন্ন ফ্যাশন হাউস। ছেলেদের জন্য আছে বৈশাখী ফতুয়া, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি। বর্ষবরণের আয়োজনে শিশুরাও পিছিয়ে নেই। মেয়েশিশুদের জন্য উজ্জ্বল রঙের ফ্রক, ছেলেশিশুদের জন্য ফতুয়া রয়েছে বৈশাখী সম্ভারে। পোশাকের নকশায় পাখা, কলস, পাখি, হাতি, ঘোড়া, ময়ূর, ঘুড়ি, হাঁস ও টমটম ব্যবহৃত হয়েছে।
মিরপুর-২ নম্বর থেকে ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত সড়কের একপাশজুড়ে সারি সারি বুটিকের দোকান। নামীদামি সব ব্র্যান্ডের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোক্তাদের ছোট বুটিক হাউসও রয়েছে এ বুটিকপাড়ায়। পয়লা বৈশাখ উপলক্ষে দোকানগুলো দেশীয় নকশাকে গুরুত্ব দিয়ে তাদের পসরা সাজিয়েছে। এ ছাড়া বিভিন্ন দোকান দিচ্ছে ‘বৈশাখী ঝোড়ো অফার’ নামে বিশেষ ছাড়।
মিরপুরের বুটিক হাউসগুলোর অন্যতম আকর্ষণ নানা ডিজাইনের পাঞ্জাবি। এসব দোকানে পাওয়া যাচ্ছে খাটো ও লম্বা ঝুলের পাঞ্জাবি। মান অনুযায়ী পাঞ্জাবির দামেও আছে হেরফের। সর্বনিম্ন ৮০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবির দাম রাখা হয়েছে। এসব দোকানে ছেলেদের ভিড় বলে দিচ্ছে যেকোনো উৎসবে পোশাক হিসেবে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি।
আঙ্গিনা মেগা মলের ব্যবস্থাপক জোবায়ের মো. রায়হান বলেন, গত শুক্রবার থেকে বৈশাখী কেনাকাটা শুরু হয়েছে। তিন-চার দিনের মধ্যে আরও জমবে। অনেক ফ্যাশন হাউস বলে প্রতিযোগিতা বেশি। দামের সঙ্গে মানের বিষয়টাও মাথায় রেখে পসরা সাজানো হয়েছে। দোকানগুলোতে দামের খুব একটা পার্থক্য চোখে পড়েনি। সালোয়ার-কামিজ পাওয়া যাবে ৫০০ থেকে ৩০০০ টাকায়। মান ও কাজভেদে শাড়ির দাম ১ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। প্রায় প্রতিটি দোকানেই ফতুয়া পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ১০০০ টাকার মধ্যে। ছোটদের পোশাক পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকায়।
ইয়েলো, ক্যাটস আই, এক্সটেসি, লা রিভ, আর্টিস্টি, ওয়েস্টেক্স, ইনফিনিটি—এসব দোকানেও রয়েছে বৈশাখী আয়োজন। এসব দোকানে পাবেন ছেলেদের শার্ট, পাঞ্জাবি। মেয়েদের জন্য রয়েছে সিঙ্গেল কামিজ, থ্রি-পিস ইত্যাদি। আজিজ সুপার মার্কেটের ফ্যাশন ঘরগুলোও বৈশাখী আয়োজনে বেশ সরব।