পোশাকে স্বাধীনতা দিবসের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল-সবুজের ফ্যাশন
লাল-সবুজের ফ্যাশন

রাত পেরোলেই স্বাধীনতা দিবস। আর দিবসকে কেন্দ্র করে লাল-সবুজের সমারোহে বাজারে নতুন নতুন পোশাক এনেছে দেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে স্বাধীনতা দিবসের ছোঁয়া দিতে নারী, পুরুষ ও শিশুদের জন্য তৈরি করা হয়েছে এ পোশাক। 

পোশাকের মধ্যে নারীদের জন্য রয়েছে শাড়ি, টপস, ফতুয়া, সালোয়ার-কামিজ, কুর্তা, ওড়না, কোটি। আর ছেলেদের জন্য টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি-পায়জামা, উত্তরীয় ইত্যাদি। বাচ্চাদের জন্য এনেছে শাড়ি, ফতুয়া, ফ্রক, স্কার্টসহ নানা ধরনের পোশাক।
রাজধানীর আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেল প্রচ্ছদ, উৎসব ফ্যাশন, বরণ, বিশাল, বিসর্গ, লণ্ঠন, অন্যরকম, নিত্য উপহার, কাপড়-ই-বাংলা প্রভৃতি দেশীয় ফ্যাশন হাউসগুলো ২৬শে মার্চ উপলক্ষে নানা ধরনের পোশাক নিয়ে এসেছে। এক রঙা গাঢ় লাল শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজ অথবা লাল সবুজে কারুকাজের শাড়ি।
বিভিন্ন বিপণি বিতান ঘুরে দেখা গেছে, ‘একতারা তুই দেশের কথা বলরে, এবার বল’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘বাংলার মুখ দেখিয়াছি আমি’সহ বিভিন্ন উক্তি সংবলিত স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারিতে ফতুয়া, পাঞ্জাবি ও টি শার্টে ভরপুর।
ফ্যাশন হাউস রঙ এর ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ২৬শে মার্চের জন্য সাধারণত লাল-সবুজের চাহিদাই বেশি থাকে। এই চাহিদা মাথায় রেখেই পোশাকের ডিজাইন করা হয়েছে। লাল-সবুজ ছাড়াও সাদা, কালো এসব রঙের পোশাকের বেশ চাহিদা আছে। এ ছাড়াও নারীদের জন্য এই দিবস উপলক্ষে বিভিন্ন জুয়েলারি যেমন মালা, কানের দুল, ব্যাগ, মাথার ব্যান্ড ইত্যাদি আনা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর কর্মকর্তা ফারজানা আক্তার দেশাল-এ কেনাকাটা করতে এসেছেন। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে যে ধরনের ভিন্ন ধাঁচের পোশাক আশা করেছিলাম সেই ধরনের পাইনি। তারপরও দুইটা সালোয়ার কামিজ কিনেছি।’
শাহবাগের সামনে কাচের চুড়ি বিক্রি করেন মোমেনা বেগম। তিনি বলেন, ভার্সিটির মেয়েরা সবুজ, লাল, সাদা, কালো, খয়েরি এই রঙের কাচের চুড়িই বেশি কিনছে। লাল টিপ, কালো টিপেরও বেশ চাহিদা রয়েছে বলে তিনি জানান।
এদিকে পোশাক ছাড়াও লাল সবুজের আবহ দিতে প্রস্তুত চারুকলার শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবসে তাঁরা কারও হাতে বা গালে এঁকে দেন দেশের মানচিত্র কিংবা লাল-সবুজ পতাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী সুমন মিত্র বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে যারা টিএসসিতে ঘুরতে আসেন তাঁদের হাতে ও গালে আমরা লাল-সবুজের পতাকা, মানচিত্র, বর্ণমালা ইত্যাদি আলপনা এঁকে দিই।