পোশাকের রং নিয়ে নার্সরা অসন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) নার্সদের জন্য নতুন ইউনিফর্ম নির্বাচন করেছে। তবে নতুন পোশাকের রং, নকশা ও ধরন নিয়ে নার্সরা সন্তুষ্ট নন। দুবার আদেশ জারির পরও অধিকাংশ প্রতিষ্ঠানেই নতুন ইউনিফর্ম কেউ পরা শুরু করেননি।

২০১৫ সালের অক্টোবরে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের পোশাকের রং ও ধরনের কয়েকটি বিকল্প দেখাতে স্বাস্থ্যসচিবকে দায়িত্ব দিয়েছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত বছরের ২১ নভেম্বর নার্সদের জাতীয় ইউনিফর্ম পরিবর্তনের জন্য প্রশাসনিক অনুমোদন দেয়। সেখানে ইউনিফর্মের রং জলপাই ও কালো বলা আছে। নারী সিনিয়র স্টাফ নার্স ও সহকারী নার্সদের জন্য জলপাই রঙের শার্ট, কালো প্যান্ট ও জুতা। মাথার টুপিও জলপাই রঙের। পুরুষদের জন্য জলপাই রঙের শার্ট বা সাফারি, কালো রঙের জুতা ও প্যান্ট। নারী নার্সিং সুপারভাইজার, নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও লেকচারার, সেবা ও উপসেবা তত্ত্বাবধায়কেরা জলপাই রঙের শার্ট বা শাড়ি পরতে পারবেন। তবে জেলা পাবলিক হেলথ নার্স পুরুষ ও নারীদের ইউনিফর্মের রং হালকা বেগুনি। এ ছাড়া ডিপ্লোমা মিডওয়াইফদের জন্য হালকা গোলাপি রং।

গত ৫ ফেব্রুয়ারি ও ৩ মে ডিজিএনএম নতুন পোশাক পরিধানের জন্য আদেশ জারি করে।  কিছু কিছু নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছে। কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালের নার্সরা এখনো শুরু করেননি।

সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি পোশাক পরিবর্তনের জন্য প্রশাসনের মাধ্যমে আমাদের সঙ্গে আলোচনার কথা বললেও আমলারা তা করেননি। আমরা বিরোধিতা করছি না, কালারটা সমস্যা। আর
সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে শার্ট-প্যান্ট সবাই পরতে চাইবে না।’ তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বক্তব্য পৌঁছালে তিনি বিষয়টি বুঝতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার নাজনীন খানম প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনেকেরই বয়স ৫০-এর ওপরে। শার্ট-প্যান্ট পরে কাজ করতে অস্বস্তি বোধ হবে। আনসারদের পোশাকের রঙের সঙ্গে আমাদের পোশাকের রং মিলে যায়। মানুষ আলাদা করতে পারবে না। এখন তো সাদা পোশাক দেখে রোগীরা দূর থেকে দৌড়ে আসে।’ তিনি আরও বলেন, নার্সরা সাদা সালোয়ার-কামিজ হলেও পরতে রাজি আছেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) মহাসচিব জালাল উদ্দিন বাদশা প্রথম আলোকে বলেন, নার্সদের সাদা রঙের পরিচিতি বিশ্বব্যাপী। প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়টি নিয়ে কথা বলতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বলেও জানালেন।

বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিএনএ) সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল প্রথম আলোকে বলেন, ‘নতুন ইউনিফর্ম নিয়ে নার্সদের মধ্যে অসন্তোষ আছে। সাদা ড্রেস একটু নোংরা হলেই বোঝা যায়, ফলে সবারই তাগিদ থাকে ড্রেসটি পরিষ্কার রাখার। এখানে পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে।’

ডিজিএনএম মহাপরিচালক তন্দ্রা শিকদার নতুন ইউনিফর্মের বিষয়ে প্রথম আলোকে বলেন, পোশাক নতুনটাই থাকছে। দুবার আদেশ জারির পরও নার্সদের পোশাক পরিধান না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় শেষ হয়নি। কোনো সময় বেঁধেও দেওয়া হয়নি। আশা করি দ্রুতই এটা কার্যকর হবে।’