পোষা কুকুর হত্যা, একটি পরিবার নিরাপত্তাহীনতায়
বরগুনার পাথরঘাটায় একটি পোষা কুকুর হত্যার শিকার হওয়ায় একটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় মঙ্গলবার পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কয়েকজনের নামে একটি মামলা করেছেন টমি নামের ওই কুকুরের মনিব নাছরিন বেগম। ৫ সেপ্টেম্বর টমি হত্যার দিন থেকে নাছরিন বেগম তাঁর দুই মেয়েকে নিয়ে বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, টমি অত্যন্ত প্রভুভক্ত ছিল। সে বাদীর দুই মেয়েসহ তাঁদের পরিবারের নিরাপত্তায় রাত-দিন বাড়ির চারপাশে থাকত। এতে শত্রুপক্ষ তাঁদের বাড়ির আশপাশেও আসতে সাহস করত না। তাই শত্রুপক্ষের কয়েকজন টমিকে হত্যার পরিকল্পনা নেয়। এ বিষয়ে তাঁর স্বামী খলিলুর রহমান শত্রুপক্ষের নামে ১০ মে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সম্প্রতি শত্রুপক্ষের একটি মামলায় তাঁর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। এ সুযোগে ৫ সেপ্টেম্বর রাতে টমিকে মারাত্মকভাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়। পরে মৃতদেহ গুম করে ফেলা হয়। কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমির হোসেন বলেন, খলিলুর রহমানের বাড়িতে একটি পোষা কুকুর ছিল। খলিলের শত্রুপক্ষের লোকজন ওই কুকুরটি পিটিয়ে মেরে ফেলেছে বলে স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন। খলিলুর রহমানের বড় মেয়ে নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার বলে, ‘আমি ও আমার ছোট বোন ফাহিমাকে টমি স্কুলে পৌঁছে দিত। ফেরার সময় টমি আমাদের আবার নিতে আসত। এ ছাড়া টমি আমাদের সবার নিরাপত্তায় রাত-দিন কাজ করত। টমিকে শত্রুপক্ষের লোকজন পিটিয়ে জখম করে হত্যা করায় আজ আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’ কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের গ্রাম পুলিশ সোবাহান চৌকিদার বলেন, খলিলুর রহমানের বাড়িতে টমি নামে ওই পোষা কুকুরটি তাদের পরিবারের নিরাপত্তায় সর্বদা পাহারাদারের কাজ করত। এতে ভয়ে রাতে তাদের বাড়িতে কোনো অপরিচিত লোক যেতে সাহস করত না।