পোষা মদনটাকের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদনটাকের ছবি ৯ ডিসেম্বর তোলা । ছবি: লেখক
মদনটাকের ছবি ৯ ডিসেম্বর তোলা । ছবি: লেখক

বিশাল একটি চিংড়িঘেরের এক পাশের টংঘরের চালার ওপর বসে আছে এক জোড়া মদনটাক পাখি। ধীরেসুস্থে আয়েশি ভঙ্গিতে করছে পালক প্রসাধন—এ রকম দৃশ্য দেখে চমকে উঠলাম আমরা। অবিশ্বাস্য ও অভাবনীয় এক দৃশ্য! কিন্তু না, পাখি দুটি বুনো নয়, ‘মুক্ত পোষা পাখি’।
জানা গেল, মাস চারেক আগে এই চিংড়িঘেরটির কয়েকজন শ্রমিক সাগর থেকে মাছ ধরে সুন্দরবনের ভেতর দিয়ে ফেরার সময় অন্য একদল জেলের নৌকায় দেখতে পান সদ্য পালক গজানো ছানা দুটিকে এবং শখের বশে পোষার জন্য তিন হাজার টাকায় কিনে আনেন, স্থায়ী জায়গা হয় এই টংঘরের চালা।
সুন্দরবনের জেলেদের একজন বড় গাছে চড়ে বাসা থেকে নামিয়েছিলেন ছানা দুটিকে। তাঁদের উদ্দেশ্য ছিল, নৌকায় বসে রেঁধে মাংস খাওয়া। ‘খাবার’ খবর শুনেই মূলত পাখিপ্রেমী ঘেরশ্রমিকেরা পাখি দুটিকে কিনে আনেন। চার মাসে পাখি দুটি যথেষ্ট বড় হয়েছে, ওজনও একেকটির প্রায় সাড়ে তিন কেজি। পরম ভালোবাসায় পাখি দুটি বেড়ে উঠেছে—কপালে জুটেছে পার্সে ও তেলাপিয়া মাছ। এখনো ঘেরশ্রমিকেরা নিয়মিত মাছ খেতে দিচ্ছেন, পাখি দুটিও ইচ্ছামতো ডানা মেলে চারদিকের ঘর ও খোলা জলাশয়ে গিয়ে নামে, নিজেরাই খাবার খায়—যথাসময়ে ফিরে আসে আবার টংঘরের চালায়। রাত কাটায় ওখানে। আশপাশের সবাই পাখি দুটিকে চেনেন, ভালোবাসেন।
পাখি দুটির মালিক ঘেরশ্রমিকেরা জানান, আকাশপথে এখান থেকে সুন্দরবনের দূরত্ব মাত্র তিন-চার কিলোমিটার, ওদের যদি ইচ্ছা হয় তো ফিরে যাবে সুন্দরবনে, নাহয় থাকুক আমাদের কাছে। আমরা মাছ খাওয়াব, বুকে আগলে রাখব। আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে ওদের বললাম, পাখি দুটি আর নিজেদের ইচ্ছায় সুন্দরবনে ফিরে যাবে না। এদিকে যদি বনবিড়াল-শিয়াল বা মেছো বাঘ না থাকে, তাহলে থাকবে ওরা নিরাপদে। টংঘরের চালার ওপরে বা অন্য কোনো গাছে যথাসময়ে বাসা বাঁধার চেষ্টা করবে।
এ ধরনের ‘মুক্ত পোষা পাখিদের’ অনেকগুলো দুর্বলতা থাকে। মানুষকে ওরা ভয় পায় না। আত্মরক্ষার কৌশলও জানে না।
স্বাধীনতার আগেও আশ্বিন থেকে মাঘ মাস পর্যন্ত মদনটাকের নিয়মিত দেখা মিলত বৃহত্তর খুলনা জেলার বিল-জলাশয়-হাওরে। এখন কোণঠাসা সুন্দরবনে। তবে আমার দুরাশা এই যে, ওই দুটি মদনটাক (Lesser Adjutant) বেঁচেবর্তে থাকবে, হয়তোবা বংশগতির ধারায় একদিন সুন্দরবনে চলে যাবে।
পাখি দুটির সংবাদ ঢাকায় বসে মুঠোফোনে পাই আমার গ্রামেরই (সাতশৈয়া, বাগেরহাট) এক ভাইপোর কাছ থেকে। তার পরে ঝুঁকি নিয়ে যাত্রা করি ওই পাখিদের দেখতে। অনিবার্য কারণে নির্দিষ্ট জায়গাটার কথা আমি উল্লেখ করলাম না, এটি খুলনা জেলার একটি প্রত্যন্ত এলাকা। ঢাকায় বসেই আমি পাখি দুটির নিয়মিত খবরাখবর পাচ্ছি এবং পাব।