পোষা হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগান এলাকায় গতকাল সোমবার পোষা হাতির আক্রমণে রামদাসীয়া পাসি (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় দুই শিশুসহ তিন ব্যক্তি আহত হয়।পুলিশ হাতির মাহুতকে (দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি) আটক করেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। চা-বাগান কর্তৃপক্ষ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা সদরের দক্ষিণবাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার দুটি পোষা হাতি দীর্ঘদিন ধরে গাজীপুর চা-বাগানের পাশের সংরক্ষিত বনে বিচরণ করছে। গতকাল দুপুর একটার দিকে হাতি দুটি বাগানের ভেতরে ঢুকে পড়ে। এ সময় একটি হাতি রামদাসীয়ার ওপর আক্রমণ চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া হাতির আক্রমণে স্থানীয় মিনারা বেগম (৫৫), কামরুল (২) ও আফসানা (৩) আহত হয়। মিনারাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বাগানের শ্রমিকেরা কৌশলে একটি হাতি আটক করে। অন্যটি গহিন বনে পালিয়ে যায়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মাহুত শফিক মিয়াকে (৫০) আটক করে।