পোষ্য কোটায় সব আবেদনকারীকে ভর্তির দাবি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটায় আবেদন করা সব শিক্ষার্থীকে ভর্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা ও অফিসার্স সমিতির সদস্যরা গতকাল রোববার কর্মবিরতি পালন করেন। এ ছাড়া আজ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ভর্তি পরীক্ষার আগে প্রশাসনের পক্ষ থেকে এইচএসসির সিলেবাস অনুসারে প্রশ্ন প্রণয়নের আশ্বাস দেওয়া হলেও সেটি করা হয়নি। এর ফলে পোষ্য কোটায় ১২৬ জন পরীক্ষা দিয়ে মাত্র সাতজন কৃতকার্য হয়েছেন। বক্তারা দাবি করেন, পোষ্য কোটায় আবদনকারীদের মধ্যে ৪৪ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেও শুধু প্রশ্নপত্রের জটিলতার কারণে তাঁদের বেশির ভাগই কৃতকার্য হতে পারেননি। তাঁরা বলেন, গত বছর সব কোটায় ১০ নম্বর গ্রেস দেওয়া হলেও এ বছর তা দেওয়া হয়নি। প্রশাসনের এ স্বেচ্ছাচারিতার কারণে পোষ্য কোটায় আবেদনকারীরা কৃতকার্য হতে পারেননি।সভায় বক্তব্য দেন অফিসার্স সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান, কর্মকর্তা সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান প্রমুখ। এদিকে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, কর্মচারী ইউনিয়ন, কর্মকর্তা ও অফিসার্স সমিতির কয়েকজন কর্মকর্তা ভর্তি পরীক্ষায় অকৃতকার্য তাঁদের সন্তানদের ভর্তি করানোর জন্য এসব কর্মসূচি পালন করছেন। প্রশাসন শুধু কোটার ক্ষেত্রে গ্রেস দেওয়ায় এবং বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ না করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।জানতে চাইলে অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, কোটাব্যবস্থা সব সময়ই নানা বিতর্কের সৃষ্টি করে। বিভিন্ন সময় কোটাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম নিয়ে শিক্ষকদের প্রতিবাদ করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সব নিয়ম কানুন মেনে এবং শিক্ষার্থীদের দিকে লক্ষ রেখে সুষ্ঠুভাবে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি বলেন, ভর্তি-প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।