পোস্টম্যান-সংকট, চিঠি বিলি করেন পোস্টমাস্টাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি পোস্ট অফিসের চারটিতে পোস্টম্যান নেই। এলাকায় চিঠি বিলি করেন নিজ নিজ পোস্টমাস্টাররা। এলাকাবাসীর অভিযোগ, পোস্টম্যান না থাকায় অনেক সময় চিঠিপত্র পেতে দেরি হয়। পোস্টমাস্টারকে অভিযোগ করেও কোনো লাভ হয় না। উপজেলা সাব-পোস্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলিমাবাদ, চরগোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নে সাতটি শাখা পোস্ট অফিস আছে। একটি সাব-পোস্ট অফিসের অধীন সংসাবাদ, শ্রীপুর, মহিষা, চরমিঠুয়া, আমিরগঞ্জ, পূর্ব কাজিরচর ও উত্তর জাঙ্গালিয়া শাখা পোস্ট অফিসগুলো পরিচালিত হচ্ছে। এর মধ্যে সংসাবাদ, শ্রীপুর, মহিষা এবং আমীরগঞ্জে পোস্টম্যান নেই।উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান হাওলাদার বলেন, ‘নদীবেষ্টিত মেহেন্দীগঞ্জ এলাকার এই অঞ্চলের মানুষ এখনো পোস্ট অফিসনির্ভর। আমাদের বিদ্যালয়ের যাবতীয় পত্র-যোগাযোগ পোস্ট অফিসের মাধ্যমে হয়। কিন্তু লোকবল না থাকায় অনেক সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পেতে সমস্যা হয়।’ নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, ‘ঠিকভাবে চিঠিপত্র পাওয়া যাচ্ছে না। পোস্টমাস্টারের কাছে অভিযোগ করতে গিয়ে দেখি নিজেই চিঠি বিলি করছেন। ম্যারেজ রেজিস্ট্রার (কাজি) রফিকুল ইসলাম বলেন, লেঙ্গুটিয়া নদী পার হয়ে সংসাবাদ আসতে হয়। অনেক সময় চিঠিপত্র পেতে সমস্যা হয়।’সংসাবাদ শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. বরকত আহম্মেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে পোস্টম্যানের পদ শূন্য রয়েছে। ওই পদ পূরণের জন্য একাধিকবার দরখাস্ত করেও সুফল পাওয়া যায়নি। বাধ্য হয়েই আমাকে চিঠি বিলির কাজও করতে হচ্ছে।’লেংগুটিয়া সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার মো. নূর হোসাইন বলেন, পোস্টম্যানের শূন্য পদে জনবল নিয়োগের জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। লোকবল নিয়োগ না হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না।বরিশাল ডাক বিভাগের মুলাদী উপবিভাগের পরিদর্শক হেমায়েতউদ্দিন খান বলেন, শাখা পোস্ট অফিসগুলো প্রতিষ্ঠার সময় পোস্টম্যানের পদ না থাকায় অনেক স্থানেই পোস্টমাস্টারদের চিঠি বিলি করতে হচ্ছে। এ বিষয়ে সংস্থাপন মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টি না হলে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হবে না।