পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, কদমতলা, মায়াকানন, আহম্মদবাগ, রাজারবাগ, সবুজবাগসহ ৫ নম্বর ওয়ার্ড এলাকার বেশির ভাগ পোস্টার ছেঁড়া, দোমড়ানো-মোচড়ানো। কোনো কোনো স্থানে পোস্টার নেই, আছে কেবল দড়ি।
গত শনিবার কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল পাল্টাপাল্টি অভিযোগ। বিএনপি-সমর্থিত প্রার্থী মো. হামিদুল হক এলাকায় নেই, গণসংযোগেও নেই। মুঠোফোনে যোগাযোগ করা হলে বললেন, ‘না ভাই, গণসংযোগ করতে পারছি না। মামলা দিয়ে রেখেছে। তবে ফোন সংযোগ করছি।’ তাঁর পক্ষে প্রচারে নেমেছেন কর্মী-সমর্থক ও স্বজনেরা।
হামিদুলের অভিযোগ, ‘আমার নির্বাচনী প্রচারে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। পোস্টার-লিফলেট ছিঁড়ে বিতরণে বাধা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘এলাকায় আমার প্রচুর পোস্টার লাগানো হয়েছিল। বৌদ্ধমন্দির থেকে কদমতলা সেতু পর্যন্ত যত পোস্টার ছিল, গত বৃহস্পতিবার সরকারদলীয় লোকেরা সব কেটে ভ্যানে করে নিয়ে গেছে, আমার কর্মীরা জানিয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী আজাদ মো. সাদেকুল ইসলাম আহম্মদবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। তিনিও অভিযোগ করেন, রাতের বেলায় তাঁর পোস্টার কেটে ফেলা হচ্ছে। তাঁর লোকদের ভয়ভীতি দেখিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ক্ষমতাবান লোকেরা তাঁর লোকদের বলেছে, নির্বাচনের পর দেখে নেবে।
জানতে চাইলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আশ্রাফুজ্জামান বলেন, ‘যে-ই বলুক, মিথ্যা বলেছে। আমার লোকেরা কারও প্রচারে বাধা দিচ্ছে না। পোস্টারও ছেঁড়েনি। বরং আমারই পোস্টার ছেঁড়া হয়েছে।’ তিনি বলেন, ‘এলাকায় ঘুরে দেখেন, আমি সরকারি দলের লোক, আমার কোনো পোস্টার নেই।’
তবে পূর্ব বাসাবো, কদমতলা, মায়াকানন ইত্যাদি এলাকা ঘুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর অনেক পোস্টার দেখা যায়।
বিষয়টি জানালে স্বতন্ত্র প্রার্থী আজাদ বলেন, ক্ষমতাসীনদের প্রার্থীর পোস্টার ছিঁড়বে, এমন সাহস কার আছে, তাহলে জেল-জুলুমের অন্ত থাকবে না।