পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে বিএনপি প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের প্রহারে জয়ফুল বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধরমণ্ডল গ্রামের আলাই মিয়ার পুত্র হাফিজ মিয়া (২৫) গ্রামের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হান্নানের পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগের সমর্থকেরা তা ছিঁড়ে ফেলেন। এই নিয়ে গত সোমবার সন্ধ্যায় হাফিজ মিয়ার সঙ্গে প্রতিবেশী আওয়ামী লীগ-সমর্থক আমীর আলী ও রমজান আলীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আমীর আলী ও রমজান আলীসহ বেশ কয়েকজন মিলে হাফিজকে মারধর করেন এবং তাঁর বসতবাড়িতে হামলা চালান। এ সময় হাফিজের মা জয়ফুল বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১১ জন আহত হন।
আহতদের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত জয়ফুল বেগমকে গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হান্নান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমার এক কর্মীর মাকে পিটিয়ে হত্যা করেছেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় তাঁরা আমার পোস্টার ছিঁড়ে সংঘর্ষ বাধানোর চেষ্টা করছেন। শুনেছি ২০ তারিখে স্থানীয় এমপি এবং মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক নাসিরনগরে আসবেন। মন্ত্রী এলে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।