পোস্টার তুলে ফেলছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যত্রতত্র লাগানো পোস্টার গতকাল সোমবার থেকে তুলতে শুরু করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। লোক লাগিয়ে নিজ খরচেই তাঁরা এসব পোস্টার তুলছেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, বাসাবাড়ির দেয়াল, গাছ, বৈদ্যুতিক খুঁটি থেকে নিজ নিজ প্রতীক-সংবলিত পোস্টার তুলছেন প্রার্থীদের লোকজন। স্থানীয় শহীদ মিনার বেদিতে লাগানো দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার, ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল দৈনিক প্রথম আলোতে ‘বদরগঞ্জে আচরণবিধি মানছেন না প্রার্থীরা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে এসব পোস্টার তুলতে শুরু করেছেন বলে প্রার্থীরা জানিয়েছেন।
তবে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয় ও এর আশপাশের দেওয়ালে সাঁটানো পোস্টারগুলো গতকাল বিকেলেও অপসারণ করা হয়নি বলে দেখা গেছে। এ ছাড়া নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও গতকালও অটোরিকশা বা ভ্যানে মাইক লাগিয়ে একাধিক প্রর্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে।
পৌর শহরের কাপড় ব্যবসায়ী আকতারুল আলম বলেন, ‘প্রার্থীরা পোস্টারে পোস্টারে চারদিক ছেয়ে ফেলেছিলেন। গতকাল সকাল থেকে দেখছি, বিভিন্ন প্রার্থীর লোকজন আটা দিয়ে লাগানো এসব পোস্টার আবার ঘষে ঘষে তুলছেন।’
বদরগঞ্জে চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান তিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনসহ ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ ফেব্রুয়ারি এখানে নির্বাচন।