পোস্টার পোড়ানোর অভিযোগ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আসবাব ভাঙচুর ও নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান মণ্ডল। গতকাল শনিবার ইউনিয়নের বড় জামালপুর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ দফায় ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নুরুজ্জামান মণ্ডল বলেন, ‘জামালপুর ইউনিয়নের লোকজনকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়ক ধরে উপজেলা শহরে যেতে হয়। এই সড়কসংলগ্ন তরফবাজিত গ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ কারণে তিনি হুমকি দিচ্ছেন, যাঁরা নৌকা প্রতীকে ভোট দেবেন, তাঁদের সাদুল্যাপুর শহরে ঢুকতে দেওয়া হবে না। ফলে আমার সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
নুরুজ্জামান মণ্ডল আরও বলেন, ‘আমি এলাকায় জনসমর্থনে এগিয়ে আছি। আমার জয়ের সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে রেজাউল নৌকার সমর্থক ও কর্মীদের মারধর, নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন। রেজাউলের মদদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা গত শুক্রবার রাতে বুজরুক রসুলপুর বাজারে স্থাপিত আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর, নৌকার পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেন। ঘটনাটি প্রশাসনকে জানালে (ইউএনও —ভারপ্রাপ্ত) আবু রায়হান ও থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন।’
রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সব অভিযোগ মিথ্যা। উল্টো আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। তিনি নির্বাচনে ফায়দা লুটে নেওয়ার জন্যই এসব অপপ্রচার চালাচ্ছেন।’ একই বিষয়ে নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য সরকারি দলের সমর্থকেরাই এ ঘটনা ঘটিয়েছেন।’