পোস্টার-ফেস্টুনে ঢেকে গেছে নজরুল চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় নগরের রিকাবীবাজার এলাকার নজরুল চত্বরটি পোস্টার-ফেস্টুনে ঢেকে গেছে। এ কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে স্থাপিত চত্বরটির নাম-নিশানা দেখা যাচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরবাসীকে ঈদ ও পূজার শুভেচ্ছার পাশাপাশি বিভিন্ন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাঁটানো পোস্টার ও ফেস্টুনে পুরো চত্বর ঢেকে ফেলা হয়েছে।সিলেট মিলনায়তনের পাশেই চত্বরটির অবস্থান। নগরের একমাত্র মিলনায়তনটিতে প্রায় প্রতিদিন সাহিত্য, সংস্কৃতি ও নাট্যানুষ্ঠান থাকে। এ কারণে রিকাবীবাজার এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত নানা শ্রেণী-পেশার মানুষের ভিড় থাকে। তবে নজরুল চত্বরটি বিলবোর্ড-ফেস্টুনে ঘিরে থাকায় অনেকে চত্বরের নামফলক দেখতে পাচ্ছে না। বছর খানেক ধরে এভাবে চলছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই এলাকায় বেড়াতে যান ঢাকা থেকে আগত অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ‘জাতীয় কবির প্রতি শ্রদ্ধাবোধটুকুও আমরা সঠিকভাবে দেখাতে পারছি না। শুনেছি, কবির প্রতি মর্যাদার অংশ হিসেবেই নগরে নজরুল চত্বর তৈরি হয়েছে। কিন্তু যথাযথভাবে শ্রদ্ধা দেখানো হচ্ছে কই?’ সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে নজরুল চত্বরটি ব্যবহার করছেন। যেহেতু বেশিসংখ্যক মানুষের চোখে চত্বরটি পড়ে, তাই এটিকে বিলবোর্ড ও ফেস্টুন সাঁটানোর মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিষয়টির খোঁজ নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।