পোস্টার-বিলবোর্ডে আগাম প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার-বিলবোর্ড টানিয়ে আগাম প্রচারণা চালাচ্ছেন বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা।

ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীদের রঙিন ছবিসহ বড় বড় পোস্টারসংবলিত বিলবোর্ডে ঢেকে দেওয়া হয়েছে শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার। এ ছাড়া শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের রঙিন বিলবোর্ড। শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও স্থাপনা ঢেকে দেওয়া হয়েছে রঙিন পোস্টারে।

২ মার্চ ছিল এ উপজেলা পরিষদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করার আগে থেকেই তাঁদের বেশ কয়েকজনের পোস্টার-বিলবোর্ডে শহর ছেয়ে ফেলা হয়।

সরেজমিনে দেখা গেছে, শহরজুড়ে কয়েকজন প্রার্থীর পোস্টার-বিলবোর্ড টানানো হয়েছে। শহরের সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ারের চারপাশে টানানো হয়েছে কয়েকজন প্রার্থীর বড় বড় বিলবোর্ড। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খানের সাদাকালো বিলবোর্ড রয়েছে।

সুলতান মাহমুদ খান দাবি করেন, তফসিল ঘোষণার অনেক আগেই তিনি এসব ডিজিটাল বিলবোর্ড টানিয়েছেন। কাজেই এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।

বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের পক্ষে শহরজুড়ে শোভা পাচ্ছে রঙিন বিলবোর্ড। বখতিয়ারের দাবি, প্রতীক বরাদ্দের আগে প্রচারণায় কোনো বিধিনিষেধ নেই।

শহরের সাতমাথা এলাকায় ওই দুই নেতা ছাড়াও চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেঞ্চদ খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জ্যেষ্ঠ সহসভাপতি মইনুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিনিয়ারা বেগমের ডিজিটাল বিলবোর্ড শোভা পাচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, পোস্টার-বিলবোর্ডে দোয়াপ্রার্থী, আর্শীবাদপ্রার্থী যা-ই লেখা থাক, নির্বাচন সামনে রেখে এ ধরনের আগাম প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে কোনো প্রার্থীর বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে নির্বাচন কমিশনকে তা লিখিতভাবে জানানো হবে।