পোস্টার-ব্যানার ছাপাতে ঘুমহীন মুদ্রণকর্মীরা
নির্বাচন উপলক্ষে নওগাঁ পৌরসভাজুড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি, প্রতীকসংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। আর তাতে ঢাকা পড়েছে পুরো শহর। কোথাও তিলধারণের ঠাঁই নেই।
প্রার্থীদের এসব পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন ছাপাতে ব্যস্ততার ধুম পড়েছে ছাপাখানাগুলোতে। কাজের চাপে ঘুম হারাম হওয়ার অবস্থা মুদ্রণকর্মীদের। প্রার্থীদের চাহিদামাফিক কাজ সরবরাহ করতে গিয়ে তাই দিন-রাত খাটতে হচ্ছে তাঁদের। ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে ব্যস্ততা বেড়ে যায় ছাপাখানার মালিক ও কর্মীদের।
নওগাঁ পৌরসভায় মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং তিনটি সংরক্ষিত আসনে ১৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা প্রতীকসংবলিত নানা ধরনের প্রচারপত্র তৈরি করে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তাঁরা গণসংযোগের পাশাপাশি বিতরণ করছেন প্রচারপত্র।
ছাপাখানার মালিকেরা মনে করেন, ভোটের আগের দিন পর্যন্ত তাঁদের হাতে কাজ আসবে। ফলে সে ধরনের প্রস্তুতিই তাঁরা নিয়েছেন। নির্বাচন উপলক্ষে মুদ্রণ কারখানায় বাড়ানো হয়েছে শ্রমিকসংখ্যা।
নওগাঁর ইমদাদ প্রিন্টিং প্রেসের মালিক আবু রায়হান বলেন, প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন নিপুণভাবে তৈরি করতে দিনরাত কাজ করছেন মুদ্রণশ্রমিকেরা। ২৪ ঘণ্টা কাজ করেও অর্ডার শেষ করা যাচ্ছে না।
এই কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, চার-পাঁচ দিন ধরে কাজের ব্যাপক চাপ বেড়েছে। ঘুমানোর সময় পর্যন্ত পাওয়া যাচ্ছে না। রাতে কারখানাতেই থাকতে হচ্ছে। মনে হচ্ছে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই চাপ থাকবে।
জামান প্রিন্টিং প্রেসের মালিক আনিসুর রহমান বলেন, ঝিমিয়ে পড়া ছাপা ব্যবসা এ নির্বাচনকে ঘিরে কিছুটা জমজমাট। প্রচারকাজের চাপ থাকায় ইতিমধ্যে তিনি অতিরিক্ত ১০ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন।
এদিকে মুদ্রণ কারখানাগুলোতে ব্যস্ততা বাড়ায় সঠিক সময়ে ব্যানার, পোস্টার না পাওয়ার কারণে বিপাকে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশিদুল আলম বলেন, ‘১৪ ডিসেম্বর আমাকে ব্রিজ মার্কা প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে সঙ্গে সঙ্গে প্রেসে পোস্টার ছাপানোর জন্য যোগাযোগ করে বিভিন্ন সাইজের ১০ হাজার পোস্টারের অর্ডার দেই। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুই হাজার পোস্টার পেয়েছি।’