নির্বাচনী প্রচারণার শেষ দিনে ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি দোকান ভাঙচুর ও তিনটি বসতঘরে আগুন দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে এক চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহামঞ্চদ একরাম পাটোয়ারী আহত হয়েছেন। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে দায়ী করেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
আগামীকাল রোববার জেলার ফুলগাজী ও সোনাগাজী উপজেলা দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী এবং জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের সমর্থকেরা বদরপুর গ্রামে পোস্টার লাগাতে যান। এ সময় ওই গ্রামের অধিবাসী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. একরাম পাটোয়ারীর নেতৃত্বে এলাকার কয়েকজন যুবলীগের কর্মী তাঁদের পোস্টার লাগাতে বাধা দেন। এ সময় যুবলীগের নেতারা বলেন, ওই এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একরামুল হকের (কাপ-পিরিচ) পোস্টার ছাড়া আর কোনো প্রার্থীর পোস্টার লাগানো যাবে না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে যুবলীগের নেতা একরাম পাটোয়ারী আহত হন।
যুবলীগের নেতার আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা বদরপুর বাজারে জড়ো হয়ে বিএনপি-সমর্থক সাইফুল ইসলাম ওরফে কালা নামে এক ব্যক্তির দোকানে হামলা-ভাঙচুর ও মালামাল নষ্ট করে দেয়। পরে সরকার-সমর্থিত দলের নেতা-কর্মীরা স্থানীয় নুর মোহামঞ্চদ, নুর ইসলাম ও আবদুল জলিলের তিনটি কাঁচা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. শামসুল আলম সরকার জানান, ফুলগাজীর বদরপুর গ্রামে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘরে অগ্নিসংযোগের কথা তিনি শুনেছেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুর ও অগ্নিসংযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী ঘটনার জন্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে দায়ী করে বলেন, ‘পুরো উপজেলায় আওয়ামী লীগের কর্মীরা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। এ ছাড়া তারা নানাভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে।’
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী একরামুল হক অবশ্য বসতঘরে আগুন ও দোকান ভাঙচুরের ঘটনা অস্বীকার করে বলেন, বিএনপি-জামায়াত-সমর্থিত প্রার্থীর কর্মীরা বিনা কারণে যুবলীগের নেতা একরামের ওপর হামলা করে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন। আহত একরামকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় র্যাব সদস্যরা ফুলগাজীর নোয়াপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৩৬টি পেট্রোল বোমা উদ্ধার করে।