পোস্টার-লিফলেটে ভরে গেছে আক্কেলপুর
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতার পরপরই হঠাৎ জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের চিরচেনা চিত্র পাল্টে গেছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের পোস্টার-লিফলেটে শহরের হাটবাজার, প্রধান সড়ক, অলিগলি, পাড়া-মহল্লা ভরে গেছে। গতকাল সোমবার বেলা দুইটা থেকে মাইকিংয়ে প্রচারণায় নির্বাচনী আমেজ ফিরে এসেছে।
দুপুর ১২টায় দেখা যায়, পৌর শহরের কলেজ বাজার পোস্টারে ভরে গেছে। প্রধান সড়কটির দুই পাশে অসংখ্য পোস্টার টাঙানো হয়েছে। বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির দলীয় মেয়র প্রার্থীর প্রতীক আগে থেকেই নির্ধারিত থাকায় প্রার্থীরা আগেভাগেই পোস্টার ছাপিয়ে রেখেছিলেন। একই সুবিধা পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল আহসানও। তাঁর জগ প্রতীক অন্য কেউ চাননি। এ কারণে তিনিও আগেভাগেই পোস্টার ছাপিয়ে ছিলেন।
গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর তাঁদের কর্মী-সমর্থকেরা সুবিধামতো জায়গায় পোস্টার টাঙিয়েছেন।