পোস্টার-সংস্কৃতির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ক্ষমতাসীন ও বিরোধী দলের কোনো নেতা-কর্মী আটক বা গ্রেপ্তার হলে তাঁর মুক্তির দাবিতে চাররঙা পোস্টার সাঁটিয়ে দেওয়া হচ্ছে দেয়ালে দেয়ালে। নিজের গাঁটের পয়সা খরচ করে বড় বড় ছবিসংবলিত পোস্টার ও ফেস্টুন লাগিয়ে মানুষের কাছে পরিচিতি পাওয়ার এই সংস্কৃতি চালু হয়েছে জেলার সর্বত্র।রাজনীতিতে তেমন কোনো অবদান নেই, ইতিবাচক ভাবমূর্তি নেই—এমন নেতা-কর্মীদের পক্ষেই বেশি বেশি পোস্টার ও ফেস্টুন চোখে পড়ে।শিক্ষাবিদ রফিকুল ইসলাম খান বলেন, এটা রাজনীতির সুস্থ ধারা নয়। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আগে রাজনীতিতে মেধাবীরা আসতেন। নিজেকে পোস্টারের মাধ্যমে জাহির করার প্রয়োজন মনে করতেন না। এখন যাঁরা রাজনীতি করেন, তাঁরা রাজনীতিকে একটা শক্তি ও ব্যবসা বলে মনে করেন। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি তাঁদের নেই। তাই বিভিন্ন অসুন্দর পন্থায় ব্যবসা করা ও ক্ষমতায় টিকে থাকার জন্য তাঁদের অগ্রহণযোগ্য পথ অবলম্বন করতে হয়।পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোনো দলের ন্যূনতম সমর্থক হলে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে পোস্টার লাগিয়ে দেওয়া হয়। কিশোরগঞ্জ শহরে গত কয়েক বছর ধরে রাজনৈতিক দলের ডাকা হরতাল কার্যত পালিত হয় না। হরতালের সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে এমন আচরণ করেন, যাতে পুলিশ তাঁদের আটক বা গ্রেপ্তার করতে বাধ্য হন। আটক বা গ্রেপ্তার হওয়ার পর তাঁদের পোস্টারে শহরের দেয়ালগুলো ভরে যায়। গত দুই মাসে জেলায় ৫০-৬০ জন নেতা-কর্মী-সমর্থক গ্রেপ্তার হয়েছেন। তাঁদের প্রায় সবার পোস্টার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। কোনো কোনো নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ার আগেই পোস্টার ছাপার ফরমায়েশ দিয়ে রাখেন বলে একাধিক ছাপাখানার মালিক জানিয়েছেন।গত সপ্তাহে অনেকটা স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন জেলা যুবদলের এক নেতা। তাঁর সঙ্গে শহরের একাধিক ব্যক্তির আর্থিক লেনদেন রয়েছে। বিকেলে গ্রেপ্তার হন তিনি। পরের দিন সকালেই তাঁর মুক্তির দাবিতে বিশাল পোস্টার দেয়ালে শোভা পেতে দেখা যায়। জেলা শ্রমিক দলের আরেক নেতা গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। রাতে তিনি গ্রেপ্তার হন। পরের দিন সকালেই মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে পোস্টার দেখা যায়।ষাটের দশকের ছাত্রনেতা গুরুদয়াল সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম জানান, তাঁদের সময় মেধা ও কাজের মূল্যায়ন করে নেতা নির্বাচন করা হতো। কারণ ছাড়া পোস্টার, ফেস্টুন করা হলে তা রাজনৈতিক অঙ্গনে বিশাল নেতিবাচক প্রভাব ফেলত। শুধু এ কাজের জন্য তখন নেতৃত্ব হারাতে হতো। এখন দলীয় প্রধানের ছবিসংবলিত পোস্টারে সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক শুভেচ্ছা জানালে প্রধান নেতা তাঁদের প্রতি খুশি হন।