পোস্টার হাওয়া!
আগামী ১১ জুন কিশোরগঞ্জের নিকলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছিল চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের পোস্টার। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. ফজলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় আট চেয়ারম্যান প্রার্থীকে দুই হাজার টাকা, ১৩ সদস্য ও সংরক্ষিত আসনের দুই নারী প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করেন আদালত। একই সঙ্গে তাঁদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এ অভিযানের পর অন্যান্য ইউনিয়নে রাতারাতি দেয়ালে লাগানো পোস্টারগুলো হাওয়া হয়ে যায়। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতে পারে—এ আতঙ্কে প্রার্থীরা দেয়ালে সাঁটানো তাঁদের পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রথম আলোকে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।