পোস্টারে অন্যরা আছেন সাইফুর রহমান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতা ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের একটি পোস্টার আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টারে ফয়জুলের বড় আকারের একটি ছবির পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাদের ছবি আছে। কিন্তু বৃহত্তর সিলেট অঞ্চলে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের একাধিকবারের সাংসদ সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ছবি নেই।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানান, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার শহর, সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশের নেতা ফয়জুল করিমের একটি রঙিন পোস্টার শোভা পাচ্ছে। তাতে মৌলভীবাজার ও রাজনগরবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগর) বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফয়জুল করিমের আত্মপ্রকাশের লক্ষ্যেই এই পোস্টার। পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় ও সিলেট অঞ্চলের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী এবং খালেদা রব্বানীর ছবি আছে। পোস্টারটির প্রচারণায় এলাকাবাসী লেখা আছে। পোস্টার লাগানোর পর থেকেই এ নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা।
পোস্টারে সাইফুর রহমানের ছবি না থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেই মনে করছেন মৃত্যুর চার বছরেই (মৃত্যু: ৫ সেপ্টেম্বর ২০০৯) সাইফুর রহমানের মতো একজন প্রভাবশালী নেতাকে তাঁর আসনেরই খোদ দলের একাংশ ভুলে যেতে বসেছে।
সাইফুর রহমানের বড় ছেলে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের নেতা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মুকিত প্রথম আলোকে বলেন, ‘বৃহত্তর সিলেটে বিএনপি প্রতিষ্ঠালাভ করেছে সাইফুর রহমানের হাত ধরে। ফয়জুল করিমের এই পর্যায়ে আসতে সাইফুর রহমান ও নাসের রহমানের অবদান আছে। সাইফুর রহমানের এলাকায় তাঁকে অস্বীকার করে কী ধরনের বিএনপির রাজনীতি করা হবে, আমি বুঝতেছি না। আমি মনে করি, যাঁরা এটা করেছেন, ভুল করেছেন। আশা করি, ভবিষ্যতে আর এ ভুল করবেন না।’
বিএনপির নেতা ফয়জুল করিম বলেন, ‘এই পোস্টার আমি করিনি। উৎসাহী সমর্থকেরা পোস্টারটি করেছে। নির্বাচন করলে অবশ্যই নির্বাচনের প্রস্তুতি থাকবে। আমি নিজে থেকে পোস্টার ও বিলবোর্ড করব। সংবাদ সম্মেলন, মিছিল-মিটিং করে প্রার্থিতার কথা জানাব। আমি পোস্টার করলে অবশ্যই প্রয়াত সাইফুর রহমানের ছবি থাকবে।’