পোস্টারে সরব সম্ভাব্য প্রার্থীরা
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ করে আইন পাস হয়েছে মাত্র তিন দিন আগে। এখনো প্রশাসক নিয়োগ হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা আরও পরের প্রক্রিয়া। এরই মধ্যে ‘...ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই’ লেখা পোস্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকা।ডিসিসির উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পোস্টার-ব্যানারের প্রায় সবই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের।উত্তরা, গুলশান, বনানী ও মিরপুর এলাকা ঘুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর পোস্টারই বেশি দেখা গেছে। ডিসিসিকে দুই ভাগ করায় ঢাকা উত্তরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি গত সপ্তাহে এসব পোস্টার করেন। সংসদে আইন পাস হওয়ার পর থেকে মোফাজ্জল হোসেন চৌধুরীর দুই ধরনের নতুন পোস্টার দেখা যাচ্ছে। নতুন এসব পোস্টারে ঢাকা উত্তরবাসীর পক্ষ হয়ে লেখা আছে, ‘বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মেয়র হিসেবে দেখতে চাই।’দলীয় সূত্র জানায়, গত আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে মোফাজ্জল হোসেন চৌধুরীর নামে রাজধানীতে অন্তত ছয় ধরনের পোস্টার দেখা যায়। প্রথমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা, শেখ হাসিনার জন্মদিন, পবিত্র ঈদুল আজহা, ঢাকা সিটি করপোরেশনের বিভক্তি এবং সর্বশেষ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এসব পোস্টার সাঁটানো হয়। তিনি এসব পোস্টারের মাধ্যমে ডিসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছেন বলে দলীয় অনুসারীরা মনে করেন। জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, এসব পোস্টার তাঁর কর্মীরা করেছেন। তিনি মেয়র পদে নির্বাচন করার ইচ্ছার কথা স্বীকার করে বলেন, তিনি প্রচারে আস্তে আস্তে এগোচ্ছেন। সামনে আরও ব্যাপক প্রচারে নামবেন।ডিসিসির কোন অংশ থেকে প্রার্থী হবেন, এই প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘কর্মীরা যেদিকে, আমিও সেদিকে আছি।’ কর্মীরা কোন দিকে আছে, জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয়, ঢাকা উত্তরের কর্মীরা আমাকে নিয়ে বেশি আগ্রহী।’দলীয় একাধিক সূত্র জানায়, ডিসিসি দক্ষিণের জন্য মেয়র পদে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রস্তুতি নিচ্ছেন। এই এলাকার জন্য স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসেবে আলোচনায় আছে সাবের হোসেন চৌধুরীর নাম। অবশ্য অন্যদের মতো তাঁর কোনো পোস্টার-ব্যানার চোখে পড়েনি। ঢাকার দক্ষিণে সাবেক সাংসদ ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ খোকন প্রচারে এগিয়ে আছেন। সাঈদ খোকন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।এ ছাড়া মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনও মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন। তাঁদের মধ্যে এম এ আজিজের প্রচার তুলনামূলক কম।জানতে চাইলে মোস্তফা জালাল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করতে আমার আগ্রহ ও প্রস্তুতি দুটোই আছে। প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন, নিশ্চয়ই করব।’সম্ভাব্য এসব প্রার্থী এলাকাবাসীর পক্ষ হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার সেঁটেছেন। পোস্টারের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে কেউ কেউ তোরণও তৈরি করেছেন।পুরান ঢাকার লালবাগে গিয়ে দেখা যায়, শাহী মসজিদের পাশে মেয়র পদপ্রার্থী হাজি মো. সেলিমের পক্ষে ব্যানার লেখা হচ্ছে। ডিসিসিকে দুই ভাগ করার সাহসী ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এসব ব্যানার লেখা হচ্ছিল।হাজি সেলিম প্রথম আলোকে বলেন, ‘ভাগটা সুন্দর হয়েছে। পুরান ঢাকাকে পুরান, নতুন ঢাকাকে নতুন ঢাকা হিসেবে রাখা হয়েছে।’ঈদুল আজহার আগে ও পরে কয়েক রঙের একাধিক পোস্টার ও ডিজিটাল ফেস্টুন করে নানা অজুহাতে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন হাজি সেলিম। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এসব পোস্টার ও ফেস্টুন শোভা পাচ্ছে।তফসিল ঘোষণার আগেই প্রচারে নামাটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি না, এই প্রশ্নের জবাবে হাজি সেলিম বলেন, ‘আমরা তো বাঙালি, হঠা ৎ ভোট চাইতে গেলে নানা রকম কথা ওঠে। তাই আগে থেকে একটু সালাম, দোয়া নিচ্ছি; ভোট চাচ্ছি না।’ঢাকার কোন অংশে নির্বাচন করতে চান, জানতে চাইলে হাজি সেলিম বলেন, ‘বুড়িগঙ্গার তীরে জন্মেছি, বুড়িগঙ্গার তীরেই থাকতে চাই।’ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে সাঈদ খোকনের পোস্টার ও ডিজিটাল ফেস্টুন।সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, তিনি নিজে এসব করেননি। শুভাকাঙ্ক্ষীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য এ কাজ করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের পর তিনি সরাসরি প্রচারে নামবেন। এখন এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ, দেখা-সাক্ষা ৎ করছেন।