পোস্টার-ফেস্টুনে ঢেকে গেছে শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব শিল্প ও বণিক সমিতির নির্বাচনী পোস্টারে ঢাকা পড়েছে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরব শিল্প ও বণিক সমিতির নির্বাচনী পোস্টারে ঢাকা পড়েছে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরব শিল্প ও বণিক সমিতির নির্বাচনী পোস্টার-ফেস্টুনে উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা পড়েছে। এতে মিনারটির সৌন্দর্য ও মর্যাদাহানি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যক্তিরা।
ব্যবসায়ী নেতারা বলেন, দুই বছর পরপর ভৈরব শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। ব্যবসায়ীদের কাছে সংগঠনটি খুবই মর্যাদাপূর্ণ। এবার নির্বাচন হবে ২৫ মে। ভোটে পাঁচটি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে সভাপতি ও জ্যেষ্ঠ সহসভাপতি পদে ২ জন করে, সহসভাপতি পদে ৩ জন, সদস্য পদে ২০ জন এবং সহযোগী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থী প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছেন পোস্টার ও ফেস্টুন। এ কাজে তাঁরা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ফটক ও চত্বর বেছে নিয়েছেন।
গত মঙ্গলবার সকালে শহর ঘুরে দেখা গেছে, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের দরজা, দেয়াল এমনকি ক্যাশ বাক্সে পর্যন্ত পোস্টার সাঁটানো হয়েছে। বাদ যায়নি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসিজদ-মন্দিরের দেয়ালও। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটিও পোস্টার ও ফেস্টুনে ঢাকা পড়ে গেছে। এ সময় শহীদ মিনারের পাদদেশে বসে একজনকে ফুচকা ও আরেকজনকে মালা, তাবিজসহ নানা পণ্য বিক্রি করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, অনেক টাকা খরচ করে আমরা দোকান ঘরে রং করে থাকি। সারা ঘরে এমনভাবে পোস্টার সাঁটানো হয়েছে যে দেয়াল আর দেখা যায় না। চক্ষুলজ্জার কারণে বারণও করা যায় না।
শহীদ মিনারে পোস্টারের আধিক্য দেখে ভৈরব বাজারের তৈরি পোশাক ব্যবসায়ী ইউনুস মিয়া বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (শিল্প ও বণিক সমিতি) যদি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন ও মর্যাদাপূর্ণ হয়, তাহলে এই প্রতিষ্ঠানের সম্ভাব্য নেতাদের রুচিবোধ আরও উন্নত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে কথা বলার জন্য কল করে পৌর মেয়র ফখরুল আলমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে প্যানেল মেয়র মো. আল আমিন বলেন, প্রচারণা নির্বাচনের অংশ। কিন্তু এ ক্ষেত্রে প্রার্থীদের সচেতন থাকা উচিত। শহীদ মিনারের মতো মর্যাদাপূর্ণ স্থানকে এভাবে পোস্টারে ঢেকে দেওয়া উচিত হয়নি।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এক দিনের মধ্যে শহীদ মিনার পোস্টারমুক্ত করা হবে।
জানতে চাইলে শিল্প ও বণিক সমিতি নির্বাচনে সভাপতি প্রার্থী এবং বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শহীদ মিনারের মতো স্পর্শকাতর স্থানে যেন পোস্টার লাগানো না হয়, সে ব্যাপারে আগেই প্রার্থীদের বলা হয়েছিল। এরপরও অনেক প্রার্থী কাজটি করেছেন। কাজটি ঠিক হয়নি।
অপর সভাপতি প্রার্থী হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, শহীদ মিনারে তাঁর কোনো পোস্টার নেই। এ ব্যাপারে তিনি আগে থেকেই সচেতন ছিলেন।